বিনোদন

শাহরুখের ‘ফৌজি’র গল্পের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন সত্য!

শাহরুখের ‘ফৌজি’র গল্পের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন সত্য!

বলিউড সুপারস্টার শাহরুখ খানের শুরুর দিকের অভিনয়জীবনের সঙ্গে নিজের ক্যারিয়ারের অপ্রত্যাশিত মোড়ের মিল খুঁজে পেয়েছেন ‘হনুমান অংশ’ সিনেমার অভিনেতা শোভিনাও সত্য। অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তার। বরং সিনেমা পরিচালনার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের অপ্রত্যাশিত পরিবর্তনে শেষ পর্যন্ত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

২০২৬ সালের অন্যতম আলোচিত বক্স অফিস সাফল্যের গল্প হয়ে উঠেছে আধ্যাত্মিক ঘরানার সিনেমা ‘হনুমান অংশ’। আধ্যাত্মিক সাধক নিম করোলি বাবার জীবন ও শিক্ষা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনাও সত্য। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী পরিচালক বিশাল চতুর্বেদীর এই সিনেমায় প্রথমে সহকারী পরিচালক হিসেবে যুক্ত হয়েছিলেন সত্য। তার লক্ষ্য ছিল নিজের পরিচালনায় সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটানো। কিন্তু কাজ করতে গিয়ে হঠাৎ করেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান তিনি।

নিজের এই অপ্রত্যাশিত অভিজ্ঞতার সঙ্গে শাহরুখ খানের শুরুর দিকের অভিনয়জীবনের তুলনা করেছেন সত্য। ‘ফৌজি’ টেলিভিশন সিরিজে শাহরুখ খানের অভিনয়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমে সিরিজটিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের কথা ছিল শাহরুখের। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তনে তাকেই প্রধান চরিত্রে নেওয়া হয়।

সত্য বলেন, শাহরুখ খানের জীবনে যেমন আকস্মিকভাবে পরিবর্তন এসেছিল, তার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। ‘আমি সিনেমাটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলাম। একপর্যায়ে পরিচালক বিশাল চতুর্বেদী আমাকে বললেন, সিনেমার নায়ক আমিই।

তিনি আরও জানান, অন্য কোনো সিনেমা হলে হয়তো অভিনয়ের প্রস্তাবটি ফিরিয়ে দিতেন তিনি। কারণ, নিজেকে মূলত একজন পরিচালক হিসেবেই ভাবতে পছন্দ করেন। তার ভাষায়, একজন পরিচালকের স্বভাবই হলো ক্যামেরার সামনে না এসে পেছনে থাকা। তারা পর্দায় আসতে চান না, বরং পরবর্তী সিনেমার গল্প ও নির্মাণ নিয়ে ভাবতে ভালোবাসেন।

তবে ‘হনুমান অংশ’ সিনেমার বিষয়বস্তু তাকে সিদ্ধান্ত পরিবর্তনে উৎসাহিত করে। নিম করোলি বাবার প্রতি নিজের শ্রদ্ধা ও ভক্তির জায়গা থেকেই অভিনয়ের প্রস্তাবে সম্মতি জানান তিনি।

নিজের জীবনের এই পরিবর্তনকে পরিকল্পনার বাইরে ঘটে যাওয়া একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছেন সত্য। তিনি বলেন, সহকারী পরিচালক হিসেবে তার কাজ ভালোই চলছিল, উপার্জনও হচ্ছিল। কিন্তু কিছু ঘটনা মানুষের পরিকল্পনার বাইরে ঘটে যায়। হয়তো ঐশ্বরিক শক্তিই তার জীবনের পরিস্থিতি বদলে দিচ্ছিল।

ভবিষ্যৎ কাজের বিষয়ে সত্য জানিয়েছেন, তিনি এমন সিনেমায় অভিনয় করতে চান, যেগুলো শিশুরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসে উপভোগ করতে পারবে। পাশাপাশি নির্মাতা সুরজ বরজাতিয়ার সঙ্গে কাজ করারও আগ্রহ রয়েছে তার।

গত ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হনুমান অংশ’। নিম করোলি বাবার জীবন ও শিক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি ২৭ নভেম্বর থেকে হিন্দি ভাষায় সনি লিভে দেখা যাচ্ছে। এছাড়া আগামী ২৯ নভেম্বর থেকে নেটফ্লিক্সে তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও গুজরাটি ভাষায়ও মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এনডিটিভি

বিষয়:‘হনুমান অংশ’ নেটফ্লিক্স শাহরুখ খান শোভিনাও সত্য সহকারী পরিচালক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…