নতুন দায়িত্বে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা!

দীর্ঘ নয় বছরের যাত্রার ইতি টেনেছে জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন ৫)। শুক্রবার রাতে প্রচারিত শেষ পর্বের মধ্য দিয়ে শেষ হয়েছে দর্শকপ্রিয় এই সিরিয়ালের পথচলা। সিরিজটির কাবিলা চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া জিয়াউল হক পলাশকে ঘিরে শেষ পর্বেও ছিল দর্শকদের বাড়তি আগ্রহ।
বিশেষ করে কাবিলার চরিত্রে পলাশের অভিনয় দর্শকদের আবেগাপ্লুত করেছে। সিরিয়ালের সমাপ্তির পরদিনই নতুন এক সুখবর দিলেন এই অভিনেতা ও নির্মাতা।

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা বিলিভার্স গ্লোবাল এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন জিয়াউল হক পলাশ।
তবে দায়িত্ব নেওয়ার আগে নিজেই প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলে জানান পলাশ। এ জন্য তিনি চীন সফর করে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সরেজমিনে কার্যক্রম দেখে সন্তুষ্ট হওয়ার পরই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
পলাশ বলেন, আমি নিজে আগে কনভিন্স হয়েছি, তারপর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। দ্রুত যেসব দেশে ভিসা দেওয়া হচ্ছে, তারা মূলত সেসব দেশ নিয়েই কাজ করছে। যারা দেশের বাইরে পড়তে যেতে চান এবং ক্যারিয়ার গোছাতে চান, তারা নিশ্চিন্তে এর সঙ্গে যুক্ত হতে পারেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহসানুল্লাহ মজুমদার বলেন, পলাশের সঙ্গে আগে থেকেই একাধিক কাজের সম্পর্ক রয়েছে। তার সঙ্গে কাজের মাধ্যমে ভালো সাড়া এসেছিল। একইসাথে তরুণ প্রজন্মের কাছে পলাশের গ্রহণযোগ্যতা ও ব্যক্তিত্ব বিবেচনায় তাকে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করা হয়েছে।





