যুদ্ধ কেড়ে নিয়েছে দুই পা, ভিনিসিয়াসের ভালোবাসায় দেখছেন নতুন স্বপ্ন
বিবিসি অবলম্বনে

কায়রোর একটি অন্ধকার ঘরে ১৩ বছর বয়সী এক বালক টেলিভিশন পর্দা থেকে চোখ সরাতেই পারছিলেন না। টেলিভিশনে ভিনিসিয়াস জুনিয়রকে দেখাচ্ছিল। সেটি কোন ম্যাচের ভিডিও ছিল না। সরাসরি সেই বালককে উদ্দেশ্য করে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোর্য়াড বলছিলেন, ‘জাহের মারহাবা’ অর্থাৎ, ‘হ্যালো জাহের।’ সেটি শুনে জাহের নড়াচড়ার শক্তিই হারিয়ে ফেলেন। চোখ বড় বড় হয়ে যায়। দৃষ্টি সরাতে পারেন না টেলিভিশন পর্দা থেকে।
জাহেরের গল্পটা সবার আগে পৃথিবীকে জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। একবছর আগে জাহেরকে দেখা যায় সুদানের রাজধানী খার্তুমের ধ্বংসস্তূপের মাঝে। যে ছিল শান্ত স্বভাবের একজন। যুদ্ধের ক্ষত বহন করা লক্ষ লক্ষ শিশু-কিশোরের একজন। যাদের জীবন ২০২৩ সালে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরুর পর ওলটপালট হয়ে গেছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য, সুদানে এখন ১ কোটি ৭০ লাখের বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। সংস্থাটি নিশ্চিত হতে পেরেছে, যুদ্ধে অন্তত ৪ হাজার ৩০০ শিশু নিহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে অসংখ্য। তবে তাদের ধারণা প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি। যাদের মধ্যে জাহেরও একজন।
যুদ্ধ কাল হয়ে দাঁড়ায় জাহেরের জীবনে। এক সকালে মা-ছেলে পাশাপাশি বসে কাজ করছিলেন। তখন আঘাত হানে ড্রোন। মা হাবিবা গতবছর বলেছিলেন, ‘আমি ওর দিকে তাকালাম। ও রক্তাক্ত। চারদিকে শুধু রক্ত আর রক্ত।’ হামলায় জাহের হারান দুই পা।
যুদ্ধের আগে জাহের ফুটবল ভালোবাসতেন। ড্রোন হামলার পরে শুধু হাঁটু গেড়ে বসে খেলতে পারার নিয়তি মেলে। এটি ছিল অত্যন্ত কষ্টসাধ্য। তার মারাত্মক সংক্রমণের ঝুঁকিও তৈরি হয়েছিল। সেসময় জাহের বলেছিলেন, ‘আমার যদি কৃত্রিম পা থাকত, তবে আগের মতোই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে পারতাম।’
তখন স্বপ্নটি অনেক দূরের মনে হয়েছিল। কিন্তু বিবিসির মাধ্যমে তার গল্প সুদানের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে দুনিয়ার নানা প্রান্তের মানুষের কাছে।
তাদের একজন যুক্তরাজ্য প্রবাসী সুদানি বংশোদ্ভূত আইনজীবী ডেনা লতিফ। বিবিসির প্রতিবেদনটি দেখার পর তিনি একটি অনলাইন প্রচারণার নেতৃত্ব দেন। যার মাধ্যমে জাহেরের চিকিৎসার জন্য ৪৫ হাজার পাউন্ড (৬০ হাজার মার্কিন ডলার) সংগ্রহ করা হয়।
সুদানে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ না থাকায় জাহেরকে দেশ ছাড়তে হয়। বিষয় সহজ ছিল না। তার এবং মায়ের কোন পাসপোর্ট ছিল না। যুদ্ধের সময় তাদের জন্মনিবন্ধন সনদগুলোও ধ্বংস হয়ে গিয়েছিল।
কয়েক মাসের পরিকল্পনার পর, মাকে নিয়ে কায়রোতে পৌঁছাতে সক্ষম হন জাহের। সেখানে তাদের জন্য একটি অ্যাপার্টমেন্ট প্রস্তুত রাখা হয়েছিল। ফ্রিজে খাবার ছিল এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ঠিক করা ছিল।
জাহেরের অস্ত্রোপচার হয়। ধীরে ধীরে সেরে উঠতে শুরু করেন। এখন তো খুব আত্মবিশ্বাসী। চঞ্চল এবং হাসিখুশি। আর সবচেয়ে বড় কথা নতুন কৃত্রিম পা দুটির ওপর ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেন।
এক বছরেরও বেশি সময় পর মিশরের রাজধানী কায়রোর একটি অ্যাপার্টমেন্টে প্রবেশ করতেই জাহের বিবিসির সংবাদকর্মীদের জড়িয়ে ধরেন। তার মা হাবিবাও উষ্ণ আলিঙ্গন করেন।
বিবিসির সাংবাদিকদের একবছর আগে জাহের জানান প্রিয় ফুটবলারের নাম, ভিনিসিয়াস জুনিয়র। বিষয়টি রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড়কে জানানো হয়। ভিনি তখন উৎসাহ দেয়ার জন্য একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান। কায়রোতে পুনরায় দেখা হওয়ার পর সবাই মিলে সেই ভিডিওটি দেখেন।
ব্রাজিলিয়ান তারকা ভিডিওর শুরুতে বলেন, ‘আমি তোমার গল্পটি জেনেছি। আমি জানি, গত কয়েকমাস তোমার জন্য কতটা কঠিন ছিল।’
জাহেরকে ভিডিওতে ভিনি বলেন, ‘তুমি একজন কঠোর পরিশ্রমী কৃষ্ণাঙ্গ মানুষ। আমি সত্যিই আশা করি, তুমি তোমার নতুন কৃত্রিম পাগুলো ভালোভাবে কাজে লাগাতে পারবে। আবার ফুটবল খেলতে পারবে এবং জীবনে সুখী হবে। তুমি এসবেরই যোগ্য।’
প্রিয় তারকার মুখে এসব শুনে জাহেরের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। জাহের আবেগাপ্লুত হয়ে ভিনিসিয়াসের জার্সি পরে আসেন। এরপর একটি আমন্ত্রণের ঘটনা। রিয়াল তারকা বলেন, ‘আমি তোমাকে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসঙ্গে পুরো দিনটি কাটাতে চাই।’
পরে জাহের সাংবাদিকদের বলতে বলেন- ‘ভিনিসিউসকে বলো, আমি তাকে ভালোবাসি। তার বার্তা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’





