গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বিয়ে, উড়ে গেলেন রজনী-স্ট্যালিনরা

গ্রিসে জমকালো আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান। বিয়ের আনুষ্ঠানিকতার আগে গত ১০ নভেম্বর তামিল ঐতিহ্য মেনে বাগদান সম্পন্ন করেছেন এই যুগল।
বুধবার (১১ নভেম্বর) তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘনিষ্ঠ পরিসরে গ্রিসে বিয়ের আয়োজন করছেন অনিরুদ্ধ ও কাব্য। বাগদানের অনুষ্ঠানেও অনুসরণ করা হয়েছে তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী রীতি। ‘নিচ্চয়তার্থম নামে পরিচিত এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ের আগে একে অপরের সাথে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের খাবারের আয়োজনের দায়িত্বে রয়েছেন আরাসুভাই নটরাজন। তারকাদের বিয়ে ও বিশেষ অনুষ্ঠানে খাবার পরিবেশনের জন্য পরিচিত এই ক্যাটারার।
কাব্য মারান আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও এবং সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। অন্যদিকে, অনিরুদ্ধ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘ভেলাইয়িলা পাত্তাধরি’, ‘কাথথি’, ‘পেট্টা’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘জেলার’, ‘লিও’, ‘ভেট্টাইয়ান’, ‘কুলি’ ও ‘জানা নায়াগান’-এর মতো সিনেমায় সংগীত পরিচালনা করে পরিচিতি পেয়েছেন তিনি।
গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত অক্টোবরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সংবর্ধনার তারিখ নিশ্চিত করা হয়। কাব্যর বাবা কালানিধি মারান ও মা কাবেরী মারান ব্যক্তিগতভাবে মুুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এদিকে, অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের আমন্ত্রণপত্রও নজর কেড়েছে। আইভরি ও হালকা নীল রঙের বিশেষ বাক্সে তৈরি আমন্ত্রণপত্রটির নকশায় যুক্ত ছিলেন অনিরুদ্ধ ও কাব্য নিজেরাও।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। চেন্নাইয়ের বিমানবন্দরে তাদের দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।
চেন্নাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এবং চলচ্চিত্র, রাজনীতি ও ক্রীড়াঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তির উপিস্থিত থাকার কথা রয়েছে। এনডিটিভি






