যে যোগ্যতায় অস্কারের পথে ‘রামায়ণ’

অস্কারের দৌড়ে নাম লেখাল ভারতীয় সিনেমা ‘রামায়ণ’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে বিবেচনার জন্য সিনেমাটি জমা দিয়েছেন নির্মাতারা। বিষয়টি নিয়ে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া সিনেমা ‘গোন্ধল’ হলেও, অস্কারের জন্য আলাদাভাবে আবেদন করার সুযোগ রয়েছে অন্য ভারতীয় সিনেমারও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মারাঠি সিনেমা ‘গোন্ধল’ আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার মধ্যেই ‘রামায়ণ’ অস্কারের জন্য বিবেচনার আবেদন জমা দিয়েছে। অ্যাকাডেমির নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে পারলে কোনো সিনেমা নিজ দেশের আনুষ্ঠানিক মনোনয়ন ছাড়াও অস্কারের জন্য আবেদন করতে পারে।
অস্কারের সাধারণ বিভাগে প্রতিযোগিতার জন্য একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমাকে যুক্তরাষ্ট্রের নির্ধারিত মেট্রোপলিটন এলাকায় টানা অন্তত সাত দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে হয়। এ সময় প্রতিদিন নির্ধারিত সংখ্যক প্রদর্শনীর শর্তও পূরণ করতে হয়।
যোগ্যতাসম্পন্ন এলাকার মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি, নিউ ইয়র্ক সিটি, সান ফ্রান্সিসকো বে এরিয়া, শিকাগো, ডালাস-ফোর্ট ওর্থ এবং আটলান্টা।
নির্ধারিত প্রদর্শনী সম্পন্ন হবার পর সিনেমার নির্মাতা কিংবা পরিবেশক অনলাইনে অস্কারের জেনারেল এন্ট্রি ফরম জমা দিতে পারেন। এ ক্ষেত্রে প্রেক্ষাগৃহের প্রয়োজনীয় তথ্য এবং সিনেমার কলাকুশলীদের বিবরণও জমা দিতে হয়।
তবে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের নিয়ম কিছুটা ভিন্ন। এত দিন এই বিভাগে ‘এক দেশ, এক সিনেমা’ নীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি দেশ থেকে স্বীকৃত নির্বাচক কমিটির মাধ্যমে একটি সিনেমা আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়ে অস্কারে অংশ নেয়। সে অনুযায়ী, ভারতও এই বিভাগে একটি সিনেমাকে আনুষ্ঠানিকভাবে পাঠাতে পারে।
তবে অ্যাকাডেমি আন্তর্জাতিক সিনেমার জন্য বিকল্প একটি পথও চালু করেছে। নির্ধারিত কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়া সিনেমা নিজ দেশের আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থেকেও আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বিবেচিত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে।
এই নিয়মে ভারতীয় সিনেমার জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ‘গোন্ধল’ ভারতের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেও নাগা ভাষার সিনেমা ‘আং’ ২০২৬ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড জেতার সুবাদে একই বিভাগে বিবেচিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
এদিকে বক্স অফিসেও ভালো অবস্থানে রয়েছে ‘রামায়ণ: পার্ট ১’। গত ৫ নভেম্বর মুক্তির পর ষষ্ঠ দিন পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৯৫ লাখ রুপির বেশি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় ৬৭৩ কোটি ৯০ লাখ রুপি।
বক্স অফিসে সাফল্যের পাশাপাশি এবার আন্তর্জাতিক চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারেও জায়গা করে নেওয়ার প্রত্যাশা করছে ‘রামায়ণ’। তবে অ্যাকাডেমির চূড়ান্ত মনোনয়ন তালিকায় সিনেমাটি স্থান পায় কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে। এনডিটিভি





