সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীককে গ্রেপ্তার করেছে এসআরবি-১।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১ এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। নাশকতাসহ বিভিন্ন মামলায় নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় সংস্থাটির সদর দপ্তরে নিয়ে যান।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।





