হরমুজে আমিরাতের জাহাজে হামলা, নিখোঁজ ১ নাবিক, আহত ১১

ছবি: সংগৃহীত।
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে হামলার ঘটনায় ঘটেছে। গতকাল মঙ্গলবার ১৭ নভেম্বরে এই হামলার ঘটনায় এক নাবিক নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।
বুধবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস (এডিএনওসি এলঅ্যান্ডএস) জানায়, নিখোঁজ নাবিকের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। তবে জাহাজটির নাম বা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। হামলার পর জাহাজের অন্য নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও নৌবাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি জাহাজ এবং দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এদিকে ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালির উত্তরাঞ্চলে খাসাবের কাছে দ্বিতীয়বারের মতো হামলার শিকার একটি ট্যাংকারের নাবিকদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি।
চলতি মাসে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের জেরে ইরান গুরুত্বপূর্ণ এই নৌপথটি অবরুদ্ধ করে রেখেছে। এতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি ব্যাহত হচ্ছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।





