সুকান্তের জন্মশতবর্ষে নতুন নাটক ‘একটি মোরগের কাহিনি’

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তার কবিতা অবলম্বনে নতুন নাটক মঞ্চে আনছে আরণ্যক নাট্যদল। ‘একটি মোরগের কাহিনি’ শিরোনামের নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন অপু মেহেদী।
আগামী ২০ নভেম্বর খুলনায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উৎসবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর ২৪ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২৪ নভেম্বর সুকান্তের জন্মশতবর্ষ উপলক্ষে ‘হে মহাজীবন’ শিরোনামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। এতে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গান, গানের সঙ্গে নৃত্য পরিবেশনার পাশাপাশি মঞ্চস্থ হবে ‘একটি মোরগের কাহিনি’।
শ্রমজীবী ও মেহনতি মানুষের জীবনসংগ্রাম আরণ্যক নাট্যদলের নাট্যচর্চার অন্যতম প্রধান বিষয়। অন্যদিকে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যেও উঠে এসেছে শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সাম্যের আকাঙ্ক্ষা। এই দুইয়ের আদর্শিক মিল থেকেই কবিকে ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে দলটি।
আরণ্যক নাট্যদলের পক্ষ থেকে জানানো হয়, সুকান্তের কবিতা শুধু সাহিত্যিক সৌন্দর্যের প্রকাশ নয়, বরং মানুষের জীবন, অধিকার ও মুক্তির আকাঙ্ক্ষার প্রতিফলন। ক্ষুধা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তার উচ্চারণ এবং সাম্য ও মানবিক সমাজের স্বপ্ন দলটির শিল্পভাবনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই সুকান্তের সাহিত্য ও জীবনদর্শন তাদের কাছে শিল্পচর্চার অনুপ্রেরণার পাশাপাশি আদর্শিক পথচলারও অংশ।
এ প্রসঙ্গে আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ বলেন, সুকান্তকে শতবর্ষী ভাবতে তার কষ্ট হয়। মাত্র ২১ বছর বয়সে থেমে যাওয়া এই কবি জন্ম থেকেই দেখেছিলেন এক অস্থির স্বদেশভূমি। অল্প সময়ের সাহিত্যজীবনেই তিনি মেহনতি মানুষের পক্ষে কথা বলার শিক্ষা দিয়েছেন। আরণ্যকও একই আদর্শ ধারণ করে নাট্যচর্চা করে আসছে। সেই দায়বদ্ধতা থেকেই সুকান্তকে ঘিরে এই আয়োজন।
নাটকটির নির্দেশক অপু মেহেদীর ভাষ্য, শতবর্ষ পেরিয়েও সুকান্তের প্রাসঙ্গিকতা আজকের সমাজবাস্তবতার মধ্যেই খুঁজে পাওয়া যায়। ক্ষুধা, বৈষম্য, শ্রমের অবমূল্যায়ন, শোষণ ও নিপীড়নের মতো বিষয় এখনো সমাজে বিদ্যমান। সময়ের পরিবর্তন হলেও সুকান্তের কল্পিত ‘শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী’ এখনো বাস্তবায়িত হয়নি। কবিতার এই জীবনদর্শনকে সমকালীন মঞ্চভাষায় তুলে ধরার প্রচেষ্টাই ‘একটি মোরগের কাহিনি’।
সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’-এর অন্তর্ভুক্ত ‘একটি মোরগের কাহিনি’ কবিতাটি খাদ্য ও বেঁচে থাকার নিশ্চয়তাকে কেন্দ্র করে নির্মিত একটি প্রতীকী রচনা। একটি মোরগের জীবন ও পরিণতির মধ্য দিয়ে কবি সমাজের শ্রেণিবৈষম্য, শোষণ এবং ক্ষমতার অসম সম্পর্ক তুলে ধরেছেন। ফলে কবিতাটির মোরগ কেবল একটি প্রাণীর প্রতীক নয়, বরং বৃহত্তর সমাজবাস্তবতারও প্রতিচ্ছবি। নাটকটিতে সেই রূপককে বর্তমান সময়ের উপযোগী মঞ্চরূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, ‘একটি মোরগের কাহিনি’ আরণ্যক নাট্যদলের ৬৭তম প্রযোজনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবলী চৌধুরী, মরু ভাস্কর, জুয়েল মিজি, শাহরান খান, পারভেজ সরকার, নূরজাহান আক্তার, সুরাইয়া মঈন ফ্লোরা ও তানজিনা হিমু।
নাটকটির মঞ্চ ও দ্রব্যসামগ্রী পরিকল্পনায় রয়েছেন সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় হাশিম মাসুদ, পোশাক পরিকল্পনায় রুবলী চৌধুরী এবং সংগীত পরিকল্পনায় মরু ভাস্কর।





