আদালত

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আগের মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এবার ঢাকার জুলাই আন্দোলনে নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বাদী ও আসামিপক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হাবিবুল আউয়ালকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এক বছরেরও বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর তার জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত।

তবে এর মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর রুবেল হত্যা মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক রুবেল।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলাটি করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।

বিষয়:গ্রেপ্তার নতুন মামলা সাবেক সিইসি হাবিবুল আউয়াল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…