বিশ্বকাপে আগের পাঁচটি ম্যাচে কোনো গোল হজম করতে হয়নি স্পেনকে। টানা ৬০০ মিনিটের বেশি জাল অক্ষুন্ন রেখেছিল দলটি। অবশেষে কোয়ার্টার ফাইনালে এসে প্রথম গোল হজম করল লুইস দে লা ফুয়েন্তে শিষ্যরা। ফ্যাবিয়ান রুইজের গোলে স্পেন এগিয়ে গেলেও চার্লস ডি কেটেলেয়ারের গোলে প্রথমার্ধেই সমতায় ফিরেছে বেলজিয়াম।
লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্রথমার্ধজুড়ে বল দখল ও আক্রমণে দাপট দেখায় স্পেন। তবে জালের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছিল ৩০ মিনিট পর্যন্ত। লামিন ইয়ামালের বাড়ানো বল ডি বক্সে পাঠান পেদ্রো পোরো। সেখানে বল পেয়ে গোলমুখে শট করেন দানি ওলমো। তবে সেই শট ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া। ফিরতি বল পেয়ে জোরালো শটে জালে জড়ান ফ্যাবিয়ান রুইজ। ১-০তে এগিয়ে যায় স্পেন।
৩৬ মিনিটে বক্সের কাছাকাছি জায়গায় ফ্রি-কিক পেয়েছিল স্পেন। কিন্তু ইয়ামালের জোরাল খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি কোর্ত্তয়াকে। সহজেই ঠেকিয়ে দেন এই গোলরক্ষক।
৪১ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি ক্যাসটেনের ক্রস থেকে বল পেয়ে অসাধারণ হেডে জাল খুঁজে নেন কেটেলেয়ার। পাউ কুবারসির সামনে গিয়ে দুর্দান্তভাবে অবস্থান নিয়ে শক্তিশালী হেডে বল জালে পাঠান বেলজিয়ামের এই ফরোয়ার্ড। বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় গোল হজম না করা উনাই সিমন কেবল অসহায় হয়ে দেখলেন।
পরে স্পেন একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধে আর লিড নিতে পারেনি।







