বেতন ১১৯০ ইউরো, বাড়িভাড়া ১১৭৬! প্রতিবাদে স্পেনজুড়ে ধর্মঘট

ছবি: সংগৃহীত
আবাসন সংকট, বাড়িভাড়া বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের চাপে দিশেহারা স্পেনের সাধারণ মানুষ। ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে দেশজুড়ে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘মজুরি, আবাসন ও দ্রব্যমূল্য’ স্লোগানে যৌথভাবে এ কর্মসূচির ডাক দিয়েছে কমিসিওনেস ওব্রেরাস (সিসিওও) ও ইউনিয়ন জেনারেল দে ত্রাবাহাদোরেস (ইউজিটি)। ২০১২ সালে অর্থনৈতিক সংকট ও সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে সাধারণ ধর্মঘটের পর এবারই প্রথম দেশজুড়ে এমন কর্মসূচি পালন করতে যাচ্ছে সংগঠন দুটি।
ধর্মঘটের কারণে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের পাশাপাশি বড় শহরগুলোতে গণপরিবহন সীমিত পরিসরে চলতে পারে। হাসপাতাল, স্কুল ও দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীসংকট দেখা দিতে পারে। তবে জরুরি সেবায় ন্যূনতম কার্যক্রম চালু রাখার ব্যবস্থা থাকবে।
স্পেনে আবাসন সংকট নিয়ে ক্ষোভের সাম্প্রতিক বড় উদাহরণ হয়ে উঠেছে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালের উচ্ছেদের ঘটনা। গত সেপ্টেম্বরে মাদ্রিদে সাত দশকের বেশি সময় ধরে বসবাস করা বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়। এ সময় স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাড়িটির মালিকানা একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের হাতে যাওয়ার পর ভাড়া বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন শহরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। আবাসন সংকট নিয়ে সরকারের ওপর চাপ বাড়তে থাকে। এর মধ্যে আগামী ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণাও দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
ব্যাংক অব স্পেনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রয়োজনের তুলনায় প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে স্প্যানিশ ইয়ুথ কাউন্সিলের তথ্য বলছে, দেশটিতে বাড়িভাড়া মাসে গড়ে ১ হাজার ১৭৬ ইউরো। অথচ তরুণদের গড় মাসিক বেতন ১ হাজার ১৯০ ইউরো। অর্থাৎ একজন তরুণের প্রায় পুরো মাসের আয়ই চলে যাচ্ছে বাড়িভাড়া পরিশোধে। এ কারণে অনেক তরুণ একাধিক ব্যক্তির সঙ্গে বাসা ভাগাভাগি করে থাকছেন। কেউ কেউ বাধ্য হয়ে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরাসরি ধর্মঘটের প্রতি সমর্থন না জানালেও শ্রমিকদের সম্মিলিত আন্দোলনের গুরুত্ব তুলে ধরেছেন। সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, আট ঘণ্টার কর্মদিবস, পেনশন ও সরকারি স্বাস্থ্যসেবার মতো অধিকার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে অর্জিত হয়েছে। এসব অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না।
তবে অভিবাসন সংকট মোকাবিলা এবং সানচেজের ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির (পিএসওই) জনপ্রিয়তা চাপে রয়েছে। নভেম্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ঘটনাও সরকারের ওপর চাপ বাড়িয়েছে। দুর্ঘটনার পর পদত্যাগ করেছেন পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে।
এদিকে জনমত জরিপে এগিয়ে রয়েছে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি)। দলটি কট্টর ডানপন্থি ভক্স পার্টির সঙ্গে জোট করে সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে ১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের অবসানের পর প্রথমবারের মতো স্পেনের জাতীয় সরকারে কট্টর ডানপন্থিদের অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।
তবে বিরোধী দলগুলো শ্রমিক সংগঠনগুলোর ডাকা ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছে। তাদের অভিযোগ, নির্বাচন সামনে রেখে বিরোধীদের চাপে ফেলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।





