লিওনেল মেসির বিশ্বকাপ অর্জনের খাতায় পাওয়ার বাকি ছিল সামান্যই। বিশ্বমঞ্চে একটা হ্যাটট্রিক ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নামের পাশে ছিল না। আলজেরিয়ার বিপক্ষে সকালে সেটাও করে ফেলেছেন আর্জেন্টাইন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। হ্যাটট্রিক তুলে নামের পাশে জুড়ে নিয়েছেন রেকর্ড-মাইলফলক। এক নজরে দেখে নেয়া যাক কী কী অর্জন নতুন যুক্ত হল।
সালটা ২০০৬, ওই বিশ্বকাপে অভিষেক হয় আর্জেন্টিনার তরুণ লিওনেল মেসির। জার্মানিতে সার্বিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন, বয়স ছিল ২০ বছর ১১ মাস ২৩ দিন। হয়েছিলেন বিশ্বকাপে আর্জেন্টিনার কমবয়সী গোলদাতা। ৩৮ বছর ১১ মাস ২৩ দিন বয়সে আলজেরিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী আর্জেন্টাইন গোলদাতাও এখন মেসি।
বিশ্বকাপে ২৭তম ম্যাচ খেলতে নেমে মেসি করেছেন হ্যাটট্রিক। ম্যাচের ৭৫তম মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর পাসে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন। এই গোলের মাধ্যমে ভাগ বসিয়েছেন মিরোস্লাভ ক্লোসার সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায়ও। বিশ্বকাপে ১৩ গোল নিয়ে খেলতে আসা মেসির সংখ্যা এখন ১৬। জার্মানির সাবেক ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে। ১৫ গোলে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও আছেন দুইয়ে। গত রাতে জোড়া গোল করে জার্ড মুলারের সঙ্গে ১৪ গোল নিয়ে তৃতীয় স্থানে কাইলিয়ান এমবাপে।
ম্যাচের ৮০তম মিনিটে বদলি নিকো পাজকে জায়গা ছেড়ে মাঠ ছেড়েছেন মেসি। আর্জেন্টাইনদের হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম এবং বেশি বয়সী গোলদাতা হয়ে বেঞ্চে যাওয়ার আগে গড়েন বুড়োদের রেকর্ডও। বিশ্বকাপ ইতিহাসে এখন সবচেয়ে বেশি বয়সী হ্যাটট্রিক করা খেলোয়াড় হলেন মেসি। তার বিশ্বরেকর্ডের আগে ৮ বছর ধরে রেকর্ডটি ছিল পর্তুগাল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
২০১৮ সালের ১৬ জুন, স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ মহাতারকা। যা সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড ছিল। ঠিক ৮ বছর পর একই তারিখে সেই রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে।
আর্জেন্টাইনদের মধ্যে বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় এবং বিশ্বকাপে সবমিলিয়ে ৫৫তম খেলোয়াড় হিসেব হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পঞ্চম গোল পেয়েছেন লিওনেল মেসি। ১৯৬৬ আসর থেকে বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চের রেকর্ড।







