ফিফা বিশ্বকাপের জন্য নতুন এক আয়োজনের ব্যবস্থা করতে চলেছে নিউইয়র্ক প্রশাসন। শহর জুড়ে একাধিক বিনামূল্যের ফেন ফেস্টের অনুষ্ঠানের আয়োজন করা হবে। শহরটির মেয়র জোহরান মামদানি এ ঘোষণা দেন।
নিউইয়র্কের মেয়র মামদানি তার সহকর্মী ডেমোক্র্যাট নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সাথে বিনামূল্যে এই অনুষ্ঠানগুলোর আয়োজনের ঘোষণা দেন। মেয়র বলেছেন, ‘প্রত্যেক ভক্ত যেন তাদের সঞ্চয় থেকে খরচ না করেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্টটি দেখতে পারেন।’
সাধারণত যারা বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে চান কিন্তু ম্যাচের টিকিটের চড়া দাম বহন করতে পারেন না, তাদের জন্য নিউইয়র্ক সিটির এ ব্যবস্থা। শহরের পাঁচটি বরোর, অর্থাৎ পাঁচটি অঞ্চলের প্রতিটিতে একটি করে এ অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। যেখানে ম্যাচ দেখার জন্য বিশেষ আয়োজন এবং অন্যান্য উৎসবের ব্যবস্থা থাকবে।
এগুলো ম্যানহাটনের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিনের ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের কাছের একটি শপিং সেন্টার এবং স্টেটেন আইল্যান্ডের একটি মাইনর লিগ বেসবল স্টেডিয়ামে আয়োজন করা হবে।
এছাড়াও নিউইয়র্ক রেড বুলসের মাঠ নিউ জার্সির হ্যারিসনে স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ভক্তদের জন্য আয়োজিত একটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হবে। যার প্রবেশমূল্যের টিকিটের দাম ১০ ডলার।
বিশ্বকাপের ম্যাচগুলো নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে গণপরিবহনে শুধু যাতায়াত করতেই ১৫০ ডলার পর্যন্ত খরচ হতে পারে । এছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য আয়োজক শহরগুলোর জন্যও এ ধরণের ফ্যান ইভেন্টের পরিকল্পনা করা হচ্ছে।








