রাজনীতি

সামান্তাকে নিয়ে অপপ্রচার ও সমালোচনার জবাবে যা বললেন মাহফুজ আলম

সামান্তাকে নিয়ে অপপ্রচার ও সমালোচনার জবাবে যা বললেন মাহফুজ আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনের বিরুদ্ধে অপপ্রচার ও নোংরামি নিয়ে মুখ খুলেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ নিয়ে লেখেন।

পোস্টে তিনি লেখেন, ৬ সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক কমিটির জাতীয় নাগরিক কমিটিতে উত্তরণ ও বিস্তারে যাদের মুখ্য অবদান আছে, তাদের নিয়ে নোংরামি এবং অপপ্রচার একটা বাজে নজির। আগেও হয়েছে অনেক। দল গঠনের দিন থেকে এ নজির সে দলের তৎকালীন নেতৃত্বই স্থাপন করেছিলেন। গতকালও সামান্তা শারমিন আপাকে নিয়ে একই কাণ্ড হলো।

লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে মুখ্য ভূমিকা রাখা লোকজন না থাকলে একটি দল এত দ্রুত গঠিত হতো না বলে মন্তব্য করেন তিনি।

শেষে মাহফুজ আলম লেখেন, সুতরাং, যারা ভিত গড়ে দিয়ে জোটের কারণে চলে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটাকে আপনারা একটা শেইপে পেয়েছিলেন। আর, কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নীরব থাকুন। তারা দিনরাত পরিশ্রম করেছেন বলেই দলটাকে আপনারা একটা শেইপে পেয়েছিলেন। আর, কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নিরব থাকুন।

এর আগে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের কথা জানান সামান্তা শারমিন। দীর্ঘ এ পোস্টে তিনি দলের সঙ্গে পথচলা এবং সরে দাঁড়ানো নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

গত ১১ মাস যাবৎ নিজের রাজনৈতিক বোঝাপড়া অনুযায়ী এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে যখনই সুযোগ পেয়েছেন তখনই দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন এবং তর্ক-বিতর্ক বা আলাপ-আলোচনা করেছেন বলে জানান সামান্তা শারমিন।

তিনি লেখেন, যেহেতু সংগঠনে নানা চড়াই-উতরাই থাকে, সেখানে দল যদি ভুল পথে যায়, সেই পথ থেকে দলকে রক্ষা করার চেষ্টা করা আমার রাজনৈতিক কর্তব্য ছিল। সেই কর্তব্য পালন করতে এনসিপির অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামকেই বেছে নিয়েছিলাম। কারণ দলের গৃহীত নীতিগুলো স্বীকৃত ফোরামগুলোতে যুক্তিসঙ্গত উপায়ে চ্যালেঞ্জ করা ব্যতীত দলকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার ভিন্ন কোনো গণতান্ত্রিক পন্থা ছিল না। আজ প্রায় এক বছরের এই সংগ্রামের ইতি ঘোষণা করলাম, কারণ এনসিপির পক্ষে তার দলের প্রারম্ভের মূল্যবোধের প্রতি আর আন্তরিক হওয়া সম্ভব বলে মনে করি না।

বিষয়:এনসিপি জাতীয় নাগরিক পার্টি ফেসবুক আইডি মাহফুজ আলম সামান্তা শারমিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…