শিক্ষা

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। এসময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার ৬ নভেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে কলেজের সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুটি প্রধান দাবি তুলে ধরেন। প্রথম দাবিতে তারা জানান, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ তদন্তে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

দ্বিতীয় দাবিতে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে কলেজের সব শিক্ষার্থীর পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। একই সঙ্গে তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে দুপুরে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এসময় তারা জানান, এর মধ্যে দাবি আদায় না হলে আগামী সোমবার থেকে আবারও সড়ক অবরোধ করা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া আন্দোলনের একপর্যায়ে অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে কার্যালয় থেকে উদ্ধার করে।

বিষয়:অধ্যক্ষ আল্টিমেটাম গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…