জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে তিন প্রতিষ্ঠানের চুক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম জোরদারে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ফর পিস (ইউপিসি) ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট।
আজ ৬ নভেম্বর শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ‘ট্রাম্প সেন্টারে’ তিন প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইউনিভার্সিটি ফর পিসের ডিন অধ্যাপক মিহির এবং কোডার্সট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, কর্মমুখী প্রশিক্ষণ, শান্তিশিক্ষা এবং পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি চালু করা হবে। অনলাইন, অফলাইন ও সমন্বিত পদ্ধতিতে এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা ব্যবস্থাপনা, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা উন্নয়ন। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ারবিষয়ক পরামর্শ, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং পেশাগত জীবনে প্রবেশের সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।
সমঝোতা অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধিভুক্ত কলেজগুলোর বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে এসব কার্যক্রম পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। অন্যদিকে, কোস্টারিকাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ফর পিস শান্তিশিক্ষা, সংঘাত নিরসন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে একাডেমিক জ্ঞান এবং প্রশিক্ষণ পাঠ্যক্রম সরবরাহ করবে।
এছাড়া তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ, সনদভিত্তিক স্বল্পমেয়াদি কোর্স, যৌথ গবেষণা এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারিত হবে।
তিন প্রতিষ্ঠানের এই অংশীদারত্ব জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) মানসম্মত শিক্ষা (এসডিজি-৪), শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮) এবং শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান (এসডিজি-১৬) অর্জনে ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।






