বিনোদন

লোক ঐতিহ্যের গল্প নিয়ে শিল্পকলার মঞ্চে ‘সোনাই’

লোক ঐতিহ্যের গল্প নিয়ে শিল্পকলার মঞ্চে ‘সোনাই’

বাংলার লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে মঞ্চে আসছে ভৈরবী গীতরঙ্গ দলের নাট্যপ্রযোজনা ‘সোনাই’।

আগামি শনি ও রবিবার (৭ ও ৮ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‘সোনাই’ প্রযোজনার বাংলার লোকজ জীবন, বিশ্বাস, সংগীত ও নৃত্যের বিভিন্ন ধারাকে সমকালীন মঞ্চভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে ধামাইল, ঘাটু, আদিবাসী নৃত্য, বিচ্ছেদ গান, বন্দনা এবং চর্যাপদের সংগীতধারার মতো ঐতিহ্যবাহী পরিবেশনার উপাদান বিশেষ গুরুত্ব পেয়েছে। এসব শিল্পরীতির মধ্য দিয়ে বাংলার সাংস্কৃতিক স্মৃতি, মানুষের জীবনবোধ ও নিজস্ব ঐতিহ্যের বহুমাত্রিক প্রকাশ ঘটানোর প্রয়াস রয়েছে নাটকটিতে।

নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ভৈরবীর প্রতিষ্ঠাতা ও নির্দেশক ইলিয়াস নবী ফয়সাল। সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন ধ্রুব বেপারী। আলোক নির্দেশনায় ফজলে রাব্বি সুকর্ণ, সংগীত নির্দেশনায় দীপ্ত সেন এবং মঞ্চ পরিকল্পনায় অতনু রায়। প্রপস ও পোশাক পরিকল্পনায় রয়েছেন অর্পিতা বিশ্বাস। প্রযোজনা অধিকর্তার দায়িত্ব পালন করছেন মাহমুদা ইয়াসমিন কনা।

নাটকটিতে অভিনয় করেছেন কানিজ ফারজানা আরেফিন, মো. তানভীর , ধ্রুব বেপারী, মাহমুদা কনা, হৃদয় ঘোষ রাজীব, পারমিতা রায়, মিথিলা পাল, আয়রা মৌ, নাজমুল হাসান, ইনান খান ও উম্মে তাবাসসুম ‍দিয়া মনি।

সংগীত পরিবেশনায় রয়েছেন দীপ্ত সেন, অর্পিতা ঘোষ, রাজশ্রী রায়, তাসনুভা মেহনাজ, প্রতীক চাকমা তোমো, অভিজিৎ দাস জিতু ও ও. এফ. আবির।

বাংলার লোকজ ঐতিহ্য, সংগীত ও নৃত্যধারাকে সমকালীন নাট্য আঙ্গিকে মঞ্চে তুলে ধরার প্রয়াস নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে সোনাই।

বিষয়:ভৈরবী মঞ্চ লোকজ সংস্কৃতি শিল্পকলা সোনাই স্টুডিও থিয়েটার হল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…