কোপা আমেরিকায় আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর উদযাপনে ফ্রান্সের খেলোয়াড়দের ‘অবমাননা’ করা হয়েছে এমন অভিযোগ উঠেছিল। এবার সেই কাজের জন্য ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজের বক্তব্য তুলে ধরেছেন বিশ্বজয়ী এ তারকা।
এমন কর্মকাণ্ডে হতাশ হয়েছেন ফের্নান্দেজের ক্লাব চেলসির ফরাসি সতীর্থরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এ ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা। ফ্রান্স ও চেলসির ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ক্লাব সতীর্থের এমন কাজে অসন্তোষ প্রকাশ করে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘গানটি অসহ্যকর বর্ণবাদ’।
ফের্নান্দেজের আরেক সতীর্থ চেলসি ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকনকু লিখেছেন, ‘ঈশ্বর তাদের মঙ্গল করুক।’
ক্লাবের প্রতিক্রিয়া ও সতীর্থ ফ্রান্সের ফুটবলাররা মনোক্ষুন্ন হওয়ায় ক্ষমা চেয়ে ফের্নান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘গানটির ভাষা অত্যন্ত আপত্তিকর ‘ হলেও ওই শব্দগুলো আমার বিশ্বাস ও চরিত্রকে প্রতিফলিত করে না।’
‘আমি সকল ধরণের বৈষম্যমূলক আচরণের বিরোধী এবং কোপা আমেরিকার শিরোপা জয়ের উদযাপনে আমি যেভাবে ধরা পড়েছি তার জন্য ক্ষমাপ্রার্থী।’








