অভ্যুত্থানের পর কার অবদান বেশী বা কম, এ নিয়েও প্রশ্ন উঠছে। এমনকি এই অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ কে, এ নিয়েও হয়েছে বিতর্ক। সব বিষয়েই নিজের মতামত তুলে ধরেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
হাসিনা সরকারের পতন, অন্তর্বর্তী সরকার এবং আগামী নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সরব ‘মেড ইন বাংলাদেশ’ এর এই নির্মাতা। চলমান সব ইস্যুতেই নিজের অবস্থান জানিয়ে কথা বলেছেন এই তারকা নির্মাতা। আর এসব কথা বলার জন্য তিনি বরাবরই বেছে নিয়েছেন নিজের ফেসবুক প্রোফাইল!
রবিবার এক পোস্টে ফারুকী লিখেছেন,“বিপ্লব হ্যাজ ঠু মেনি প্রোপ্রাইটরস নাউ! কারণও আছে যেহেতু বিপ্লবে স্টেকহোল্ডার ছিলো অনেক। সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা উনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করতো।”
এসময় সবার উদ্দেশে ফারুকী লিখেন,“প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোন বিশেষ মতাদর্শের পক্ষে কোন ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে। এখন যার যার যা এজেন্ডা আছে,কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কী রকম করতে চান এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে। ক্লিয়ার?”
ক’দিন আগেই যখন ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা নিয়ে নানান কথা হচ্ছিলো, তখনও নিজের পর্যবেক্ষণের কথা জানিয়ে ফেসবুকে লিখেছিলেন ফারুকী।
সেই পোস্টে ফারুকী লিখেছিলেন,“ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত ছিল না এই কথাটা কে বলেছে কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামায়াত, বাম দলসহ দল-মত-নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না।”
যোগ করে ফারুকী সেদিন আরো লেখেন, “যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে, তখনো প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে, এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কি না। জিও পলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে।”
ফারুকীর ভাষায়, নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখল এটা সরকার পতনের আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। সর্বশেষ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, ‘আওয়ামী লীগের উচিত হবে ভাবা, কেন সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার?’







