বিনোদন

রবীন্দ্রসংগীত ও বাপ্পার গানে গুলশান লেকপার্কে হেমন্ত সন্ধ্যা

রবীন্দ্রসংগীত ও বাপ্পার গানে গুলশান লেকপার্কে হেমন্ত সন্ধ্যা

ইট-পাথরের ঢাকা শহরে হারিয়ে যেতে বসেছে ঋতুবৈচিত্র্য ও বাঙালির ঐতিহ্য। নগরজীবনে হেমন্তের আবহ ফিরিয়ে আনতে রাজধানীর গুলশান লেকপার্কে আয়োজন করা হয় ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’। রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসীন ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গানে মুগ্ধতায় কাটে দর্শক-শ্রোতাদের সন্ধ্যা।

অগ্রহায়ণের প্রায় শেষ সময়। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হিমেল হাওয়ার মধ্যে রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের সুরে মুখর হয়ে ওঠে গুলশান লেকপার্ক। গান, সুর আর দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাসে জমে ওঠে গুলশান সোসাইটির এই আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে ওঠেন রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসীন। একে একে তিনি পরিবেশন করেন ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘ও যে মানে না মানা’ ও ‘আমার এই পথ চলাতেই আনন্দ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় রবীন্দ্রসংগীত।

দর্শক-শ্রোতাদের অনেককেই বাপ্পা মজুমদারের সঙ্গে গলা মেলাতে দেখা যায়

এরপর মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’ গান দিয়ে শুরু হয় তার পরিবেশনা। পরে ‘পরী’, ‘আগে যদি জানতাম’, ‘দিন বাড়ি যায়’, ‘বায়োস্কোপ’ ও ‘গাড়ি চলে না’সহ মোট আটটি গান পরিবেশন করেন তিনি। এ সময় খোলা আকাশের নিচে দর্শক-শ্রোতাদের অনেকেই তার সঙ্গে গলা মেলান।

আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ইট-পাথরের ঢাকা শহরে মানুষ যেন হেমন্তকে ভুলতে বসেছে। নগরজীবনে হারিয়ে যেতে বসা ঋতুবৈচিত্র্য ও বাঙালির ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন।

তিনি বলেন, বাঙালির কাছে হেমন্ত মানে সোনালি ধানের খেত, মাটির কাছে ফিরে যাওয়া এবং আনন্দ-উৎসবের বিশেষ উপলক্ষ। এসব ঐতিহ্য ও অনুভূতিকে এক সুতোয় বাঁধাই এ আয়োজনের লক্ষ্য।

দেশের বিভিন্ন জায়গায় গান-বাজনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধে জোরজবরদস্তির ঘটনার সমালোচনা করে ওমর সাদাত বলেন, এসব প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেও গুলশান সোসাইটির আয়োজন গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্ত হতে দেওয়া উচিত নয়। এ ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

নিজের বক্তব্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের পাশাপাশি মানবিক পরিচয়ের গুরুত্ব তুলে ধরেন গুলশান সোসাইটির সভাপতি। তিনি বলেন, একজন মুসলমান হিসেবে ধর্মীয় বিশ্বাস, বাঙালি হিসেবে সাংস্কৃতিক পরিচয় এবং বাংলাদেশি হিসেবে জাতীয় পরিচয় রয়েছে। তবে সব পরিচয়ের ঊর্ধ্বে মানুষের পরিচয়।

মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠাই হওয়া উচিত সবার লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

ধর্ম, সংস্কৃতি ও জাতীয় পরিচয় অক্ষুণ্ন রেখেই সবাইকে এক জায়গায় নিয়ে আসা সম্ভব উল্লেখ করে ওমর সাদাত বলেন, হেমন্ত উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্র করতে পারাটাই গুলশান সোসাইটির আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।

বিষয়:অদিতি মহসীন গুলশান সোসাইটি বাঙালি সংস্কৃতি বাপ্পা মজুমদার হেমন্ত সন্ধ্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…