বিনোদন

বিশ্রামে যাওয়ার ঘোষণা দিয়ে যা বললেন অমিতাভ

বিশ্রামে যাওয়ার ঘোষণা দিয়ে যা বললেন অমিতাভ

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিশ্রাম নেওয়ার কথা জানালেন অমিতাভ বচ্চন। চিকিৎসকেরা তাকে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন বলিউডের শাহেন শাহ। কী হয়েছে ৮৪ বছর বয়সি অভিনেতার?

সমাজমাধ্যমে অমিতাভ লিখেছেন, “আমাকে ক্ষমা করবেন। চিকিৎসকেরা আমাকে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। তাই আপাতত কিছু লিখতে পারছি না…।”

চলতি মাসের শুরুতে ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। তার আগের দিন শুটিং চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। সাধারণত বেশ উদ্যমের সঙ্গে মঞ্চে প্রবেশ করে দাঁড়িয়ে দর্শকের সঙ্গে কথা বলেন অভিনেতা। কিন্তু সেদিন তাকে বসেই অনুষ্ঠান শুরু করতে দেখা যায়।

অমিতাভ সেখানেই বলেছিলেন, “সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমি আমার বক্তব্য রাখি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে।” এর পরেই তিনি বলেন, “গতকাল শুটিং চলাকালীন পা পিছলে পড়ে গিয়েছিলাম। তাতেই হাঁটুতে চোট লাগে।”

কথা বলার সময় বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন অভিনেতা। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন স্টুডিওতে উপস্থিত দর্শক। তবে চোট গুরুতর নয় বলে তাদের আশ্বস্ত করেন অমিতাভ। প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় তিনি দাঁড়িয়ে থাকবেন বলেও জানান। কিন্তু অস্বস্তির কারণে অনুষ্ঠানের শুরুর অংশে বসে থাকার সিদ্ধান্ত নেন। দর্শকেরা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে জুলাই মাসেও অমিতাভের একটি পোস্ট ঘিরে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে। হাসপাতালে ভর্তি হওয়া, অস্ত্রোপচার, আইসিইউ এবং সুস্থ হয়ে ওঠার কঠিন যাত্রা নিয়ে লিখেছিলেন তিনি। যদিও নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সরাসরি কিছু জানাননি অভিনেতা। তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা, নাকি সাধারণ ভাবনা সেই বিষয়টিও স্পষ্ট করেননি।

এর আগে মে মাসে অমিতাভ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর ছড়িয়েছিল। পরে এক প্রতিবেদনে দাবি করা হয়, সেই খবর সত্যি নয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নানাবতী হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা এবং সে দিনই বাড়ি ফিরে আসেন।

বিষয়:অমিতাভ বচ্চন বলিউড অভিনেতা বলিউডের শাহেন শাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…