ফুলহ্যামের বিপক্ষে জয় তুলে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। দারুণ এই জয়ে লিগ শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেও এখনই হাল ছাড়ছেন না গানারদের কোচ মিকেল আর্তেনা। বলেছেন, এখনই শেষ হয়ে হয়নি কিছুই।
চেলসির বিপক্ষে মঙ্গলবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘এখনও মৌসুমের সুন্দর অংশটুকু খেলার বাকি আছে। আমাদের হাতে আরও পাঁচটি ম্যাচ আছে। যখন আমি এটির দিকে তাকাই, আমার তখন মনে হয় এখনই কিছুই শেষ হয়নি। পরের ম্যাচ চেলসির বিপক্ষে জয় নিয়েই এখন শুধু ভাবছি।’
মৌসুমের শুরুতে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ফিরে আসা ছিল আর্সেনালের মূল লক্ষ্য। যেখানে দুর্দান্ত পারফরম্যান্সে ইতিমধ্যেই পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। তবে এই অর্জনকে যথেষ্ট হিসেবে দেখছেন না স্প্যানিশ এ কোচ।
৪১ বর্ষী আর্তেতা বলেন, ‘মৌসুমের শুরুতে অনেকেই ভাবতো আমরা এতো দূর পর্যন্ত আসতে পারব না। যেখানে আমরা ছয় ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছি। তবে এখনই আমরা সন্তুষ্ট নই। কারণ আমরা আরও ভালো করতে চাই।’
‘আমাদের যা অর্জন করা কঠিন ছিল, তা ইতিমধ্যেই পেয়েছি। এখনও প্রিমিয়ার লিগ জয়ের সুযোগ আছে আমাদের। সব কিছু ভুলে বাকি পাঁচ ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। এখানে ঘটতে পারে অনেক কিছুই।’
ফুলহ্যামের মাঠে রোববার রাতে ২-১ গোলের ব্যবধানে জেতে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে আসল ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমেছে আর্সেনাল।







