বাংলাদেশ

গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

ডেইলি ওয়াদা

গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটি বাংলাদেশে সব ধরনের সহিংসতার বিরোধিতা করে সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে বলেন, ‘আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। আমরা সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে সমর্থন করি।’

গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার বিষয়ে ওয়াশিংটনের অবস্থান জানতে চেয়ে ডেইলি ওয়াদা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন করেছিল।

প্রশ্নে উল্লেখ করা হয়, ড. ইউনূসকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করেছিল যুক্তরাষ্ট্র।

ডেইলি ওয়াদা পররাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাওয়ার সময় পর্যন্ত বাংলাদেশের ৫০টির বেশি গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এ ছাড়া চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জবাব আসার সময় গ্রামীণ ব্যাংকের যেসব শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

তবে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গ্রামীণ ব্যাংক বা ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করেনি। এসব সহিংসতার জন্য দায়ীদের বিষয়েও কোনো মন্তব্য করেনি।

দরিদ্র নারীদের আর্থিক সেবা দেওয়ার পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ হিসেবে পরিচিত গ্রামীণ ব্যাংক। ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি এবং নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে।

বিষয়:গ্রামীণ ব্যাংক ড. ইউনূসের বাড়িতে হামলা যুক্তরাষ্ট্রের নিন্দা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…