বিনোদন

আবৃত্তি, গান ও নৃত্যে চট্টগ্রামে স্মরণ করা হলো সুকান্তকে

আবৃত্তি, গান ও নৃত্যে চট্টগ্রামে স্মরণ করা হলো সুকান্তকে

‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’। ক্ষুধা, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে দ্রোহের এই কবিতার পঙ্‌ক্তি আজও সমান প্রাসঙ্গিক। জন্মের শতবর্ষ পেরিয়ে সেই দ্রোহ ও মানবিকতার কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করল চট্টগ্রামের প্রমা আবৃত্তি সংগঠন। আবৃত্তি, সংগীত, নৃত্য ও আলোচনায় সাজানো আয়োজনে ফিরে দেখা হলো কবির জীবন, দর্শন ও সাহিত্যকর্ম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। প্রায় আড়াই ঘণ্টার অনুষ্ঠানে সুকান্তের কবিতা, ছড়া, চিঠি ও অন্যান্য রচনার পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় তার সাহিত্যিক ও রাজনৈতিক চেতনা।

অনুষ্ঠানের শুরুতে সুকান্ত ভট্টাচার্যের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে জীবনী পাঠ করেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। এরপর কবির জীবনদর্শন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। তিনি বলেন, সুকান্ত ক্ষুধার রাজনীতি করেছেন। ক্ষুধার্ত মানুষের পক্ষে কথা বলেছেন। তার লেখায় সাধারণ মানুষের কষ্ট, অধিকার, প্রতিবাদ ও প্রতিরোধের চিত্র উঠে এসেছে।

আবৃত্তি, গান ও নৃত্যে চট্টগ্রামে স্মরণ করা হলো সুকান্তকেকবি ও শিক্ষক অধ্যাপক হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী এবং কবি আখতারি ইসলাম অংশ নেন কথামালা পর্বে। পুরো আয়োজনের পরিকল্পনা, গ্রন্থনা ও সঞ্চালনায় ছিলেন প্রমার সভাপতি ও আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।

আয়োজনের বড় অংশজুড়ে ছিল একক ও দলীয় আবৃত্তি। কঙ্কন দাশ সুকান্তের গল্প ‘ভদ্রলোক’ পাঠ করেন। জেরিন মিলি পাঠ করেন অরুণাচল বসুকে লেখা কবির চিঠি। এ ছাড়া ‘ছাড়পত্র’, ‘প্রিয়তমাসু’, ‘চট্টগ্রাম ১৯৪৩’, ‘আঠারো বছর বয়স’, ‘ঐতিহাসিক’, ‘চিল’ ও ‘একটি মোরগের আত্মকাহিনী’সহ কবির উল্লেখযোগ্য রচনা আবৃত্তি করেন বিভিন্ন শিল্পী।

আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের পরিবেশনাতেও উঠে আসে সুকান্তের প্রতিবাদী ও সমাজসচেতন সাহিত্য। মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র, মেজবা চৌধুরী, ইতি পুষ্পা সর্ববিদ্যা, তাজুল ইসলাম ও সঞ্জয় পাল কবির বিভিন্ন রচনা পরিবেশন করেন। এর মধ্যে সঞ্জয় পালের কণ্ঠে সুকান্তের ব্যঙ্গাত্মক রচনা ‘ব্ল্যাক মার্কেট’ বিশেষভাবে তুলে ধরে কবির সমাজসচেতন দৃষ্টিভঙ্গি।

প্রমা আবৃত্তি সংগঠনের সদস্যরা পরিবেশন করেন দলীয় আবৃত্তি ‘জাগবার দিন আজ’। আমন্ত্রিত সংগঠন বোধন আবৃত্তি পরিষদও অংশ নেয় দলীয় আবৃত্তিতে।

আবৃত্তি, গান ও নৃত্যে চট্টগ্রামে স্মরণ করা হলো সুকান্তকেশুধু আবৃত্তি নয়, সংগীত ও নৃত্যের পরিবেশনাও ছিল আয়োজনের অংশ। অভ্যুদয় সংগীত অঙ্গন সুকান্তের ‘বোধন’ ও ‘হে মহাজীবন’ কবিতার গান পরিবেশন করে। সংগীত পরিচালনায় ছিলেন শ্রেয়সী রায়। অন্যদিকে ‘রানার’ কবিতার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে সুরাঙ্গম বিদ্যাপীঠ। এতে অংশ নেন চয়ন দেবনাথ। নৃত্য পরিচালনায় ছিলেন হিল্লোল দাশ সুমন।

তবলায় রানা বড়ুয়া এবং কিবোর্ডে সৃজন রায় সংগীতের আবহ তৈরি করেন।

১৯২৬ সালে জন্ম নেওয়া সুকান্ত ভট্টাচার্যের জীবন ছিল মাত্র ২১ বছরের। ১৯৪৭ সালে মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের অবসান হলেও সাহিত্যকর্মে তিনি হয়ে আছেন শোষিত, বঞ্চিত ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। চট্টগ্রামের এই আয়োজনের মধ্য দিয়ে সেই কণ্ঠস্বরই নতুন করে পৌঁছে গেল দর্শক-শ্রোতার কাছে।

বিষয়:কঙ্কন চট্টগ্রাম সাহিত্য সুকান্ত ভট্টাচার্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…