ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের ফিরতি দেখায় ওল্ড ট্রাফোর্ডে জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বিতে সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ম্যাচে মাঠের উত্তাপ ছড়িয়ে গেছে সমর্থকদের মধ্যে। ম্যাচ চলাকালীন সিটিজেনদের ফিল ফোডেনকে নিয়ে ইউনাইটেড সমর্থকদের কুরুচিপূর্ণ স্লোগানে ক্ষোভ প্রকাশ করেছেন কোচ পেপ গার্দিওলা। তার ভাষায়, এধরনের আচরণ ‘মনুষ্যত্বহীনতা’ এবং ‘লজ্জাজনক’।
ম্যাচে ইউনাইটেডের কিছু সমর্থক ফোডেনের মা সম্পর্কে অশালীন স্লোগান দেয়। সংবাদ সম্মেলনে এনিয়ে প্রশ্ন এলে গার্দিওলা বলেছেন, ‘এটা মনুষ্যত্বহীন আচরণ। এটা ইউনাইটেড নয়, কিছু মানুষের আচরণ। খেলাধুলায় আমরা- কোচ, মালিক, খেলোয়াড়রা সবসময়ই প্রকাশ্যে থাকি। কিন্তু একজন খেলোয়াড়ের মা সম্পর্কে এমন কটূক্তি করা? এটা সম্পূর্ণ অনৈতিক, মনুষ্যত্বহীনতা এবং যারা এটা করেছে, তাদের লজ্জা পাওয়া উচিত।’
সিটির খেলোয়াড়দের পক্ষে খবরে এসেছে, এমন স্লোগানে তারা বিস্মিত-ক্ষুব্ধ। ইউনাইটেড অবশ্য জানিয়েছে, খেলোয়াড়দের উদ্দেশে যেকোনো ধরনের অপমানজনক আচরণের নিন্দা করে তারা।
ড্রয়ে পর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করা নিয়ে স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘সামনে সাতটি ম্যাচ আছে। ক্রিস্টাল প্যালেস, এভারটন, অ্যাস্টন ভিলা, এরপর এফএ কাপ সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্ট। হ্যাঁ, পয়েন্ট আরও বেশি থাকলে ভালো হতো, কিন্তু আমরা এখনও লড়ছি। আজও খেলোয়াড়রা সবকিছু উজাড় করে দিয়েছে, শুধু আরও বেশি স্বাভাবিকভাবে আক্রমণ করতে পারলেই ভালো হতো।’
গোলশূন্য ড্রয়ে ম্যানচেস্টার সিটি ৩১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলে পঞ্চম স্থানে আছে। তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে চতুর্থ স্থানে চেলসি।







