মেয়েদের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড-হাইতির ম্যাচের আগে হয়েছিল সাতটি ম্যাচ। প্রতিটি ম্যাচেই কোনো না কোনো দল পেনাল্টি পেয়েছিল। আসরের অষ্টম ম্যাচেও পেনাল্টির দেখা মিলে। আর সেই পেনাল্টি থেকে পাওয়া গোলেই ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে আফ্রিকার দেশ হাইতিকে।
শনিবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও হাইতি। ম্যাচজুড়ে হাইতির মনোযোগ ছিল রক্ষণ সামলানোর দিকে। তা সত্ত্বেও ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ইংল্যান্ড। লায়ন্সদের হয়ে একমাত্র গোলটি করেছেন জর্জিয়া স্ট্যানওয়ে।
ব্রিসবেন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছিল ইংল্যান্ড। হাইতি ব্যস্ত ছিল ইংল্যান্ডের আক্রমণ সামলাতে। ম্যাচের ১৭ মিনিটেই পেনাল্টির আবেদন করে ইংল্যান্ড। ভিএআর সেই আবেদন ফিরিয়ে দেয়। ২৬ মিনিটে পুনরায় পেনাল্টির আবেদন করে ইংলিশ বাহিনী। ভিএআর এবার পেনাল্টির সংকেত দেয়।
পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ হন ইংলিশ মিডফিল্ডার জর্জিয়া স্ট্যানওয়ে। তার নেয়া শট ঠেকিয়ে দেন হাইতির গোলরক্ষক কেরলি থিউস। পেনাল্টি ঠেকিয়েও শেষ রক্ষা হয়নি হাইতির। স্ট্যানওয়ে শট নেয়ার আগেই থিউস লাইন অতিক্রম করায় পুনরায় শট নেয়ার সুযোগ পায় স্ট্যানওয়ে। এবার আর কোনোরকম ভুল করেননি তিনি। গোল আদায় করে নেন সহজেই। পরে ১-০ ব্যবধানে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
বিরতির পরও দাপুটে খেলতে থাকে ইংল্যান্ড। শেষের দিকে বেশ কয়েকটি সুযোগও আসে ইংল্যান্ডের সামনে তবে হাইতির রক্ষণ ভাঙ্গা সম্ভব হয়নি। ম্যাচে ফিরতে হাইতিও বেশ কয়েকবার পাল্টা আক্রমণ করেছিল। তবে সমতায় ফিরতে হাইতিকে কোনো প্রকার সুযোগ দেয়নি ইংল্যান্ড।
আগামী ২৮ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড। একইদিন চীনের মুখোমুখি হবে হাইতি।







