বাংলাদেশ

জাতীয় পরিচয়পত্র কেন্দ্রিক দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে কমিশন: সিইসি

জাতীয় পরিচয়পত্র কেন্দ্রিক দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে কমিশন: সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ঘিরে দুর্নীতি, অনিয়ম ও নাগরিক হয়রানি বন্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র কেন্দ্রিক দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো থেকে কমিশন মুক্তি পেতে চায়। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এনআইডি সেবায় কে দায়ী, তা নিয়ে দোষারোপ বা ‘ব্লেম গেমে’ না গিয়ে নাগরিকদের সেবা নিশ্চিত করাই হতে হবে কমিশনের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, প্রতিদিন এনআইডি-সংক্রান্ত একাধিক আবেদন ও অভিযোগ আসে। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করেন। এই ধরনের দীর্ঘসূত্রতা ও হয়রানির খবর বিব্রত করে। নাগরিক সেবার ক্ষেত্রে ‘হয়রানি’ শব্দটি যেন আর শুনতে না হয়। কোনো নাগরিক আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বার্তার মাধ্যমে আবেদন গ্রহণের বিষয়টি জানাতে হবে। আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানাতে হবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে প্রতিটি আবেদনের বিপরীতে মেমো নম্বর বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে আবেদনকারী পরবর্তী সময়ে সহজেই আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারেন। কোনো নাগরিক আবেদন করার পর ছয় মাস ধরে কোনো উত্তর পাবেন না কিংবা তার আবেদন কোথায় আটকে আছে, তা জানতে পারবেন না এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। সেবা প্রদানের ক্ষেত্রে দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে।

দেশের সব নাগরিকের প্রযুক্তিগত সক্ষমতা সমান নয় উল্লেখ করে সিইসি বলেন, বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষদের জন্য অনলাইনে আবেদন করা কিংবা এনআইডি ডাউনলোড করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই নাগরিকদের সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে সেবা প্রদানের বিকল্প ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে এনআইডি সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

স্মার্ট কার্ড বিতরণে সীমাবদ্ধতা থাকলে বিকল্প উপায়ে নাগরিকদের কাছে প্রয়োজনীয় পরিচয়পত্র বা কাগজপত্র পৌঁছে দেওয়ার পরামর্শ চান সিইসি। তার মতে, শুধু অনলাইন থেকে কার্ড ডাউনলোড করে নেওয়ার নির্দেশনা দিলেই দায়িত্ব শেষ হবে না। যেসব নাগরিক প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নন, তাদের জন্য সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে হবে।

এনআইডি সেবা প্রদানে নির্বাচন কমিশনের দায়িত্ব ও সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে সিইসি বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায় নির্বাচন কমিশনের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে জাতীয় পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রে ন্যূনতম কী কী কাগজপত্র প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে, যাতে নাগরিকদের অযথা হয়রানির শিকার হতে না হয়।

বিষয়:এনআইডি জাতীয় পরিচয়পত্র প্রধান নির্বাচন কমিশনার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…