শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে, বিসর্জন পর্যন্ত নিরাপত্তা: আইজিপি

ছবি: সংগৃহীত
দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদী। তবে পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি গুজব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আলী হোসেন ফকির বলেন, ‘আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই। সকল অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।’
পুলিশের অতীত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ৫ আগস্টের পর পাঁচ থেকে সাত দিন পুলিশের কার্যক্রম ছিল না। তখন কারও নিরাপত্তা ছিল না এবং সবাই উদ্বিগ্ন ছিলেন। ওই সময়ে ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে। পরে সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে।
আইজিপি আশা প্রকাশ করেন, সব ধরনের অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সক্ষম হবে।
এদিকে পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে। ফলে মানুষ নিরাপদে পূজা উদযাপন করতে পারছেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।






