বাংলাদেশ

উদ্যোক্তা-মেধাবীদের জন্য ৫০০ কোটির তহবিলের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

উদ্যোক্তা-মেধাবীদের জন্য ৫০০ কোটির তহবিলের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলে প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। এভাবেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ। তরুণ উদ্যোক্তা ও মেধাবীদের সহায়তায় ৫০০ কোটি টাকার তহবিলের পরিকল্পনার কথাও জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ হওয়া উচিত সবার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসতে হবে। পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে অনেক তরুণ স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দেশের জন্য তাদের এ অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুবসমাজের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগকে দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তরুণেরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তা ও মেধাবীদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে এ তহবিলের পরিমাণ আরও বাড়ানো হবে।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধিকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ পেয়েছেন।

এ ছাড়া দেশের ৪৩২টি যুব সংগঠনকে কার্যক্রম গতিশীল করতে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

বিষয়:প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজ সবার জন্য বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…