বাংলাদেশ

দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণের মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ। আজ দুর্গাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা-অর্চনা। আগামী বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব। এ সময় ঢাকঢোল ও কাঁসরের বাদ্যে মুখর হয়ে উঠবে দেশের পূজামণ্ডপগুলো।

পূজার সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

এবার দেবী দুর্গা আসছেন ঘোটকে (ঘোড়ায়)। বিদায় নেবেন নৌকায়। হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আজ আসছেন। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সভায় সংগঠন দুটির নেতারা জানান, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৬১টি।

পূজার সূচি অনুযায়ী, আগামীকাল শনিবার ও পরদিন রোববার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী এবং মঙ্গলবার মহানবমী উদ্‌যাপিত হবে। বুধবার বিজয়া দশমী ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

বিজয়া দশমীর দিন বেলা ৩টায় ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বিষয়:ঢাকেশ্বরী জাতীয় মন্দির দুর্গাপূজা দুর্গাষষ্ঠী বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বিজয়া দশমী মহানগর সার্বজনীন পূজা কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…