ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ছয় দল চূড়ান্ত হয়েছে। রাউন্ড রবিন লিগ শেষে সুপার লিগ নিশ্চিত হওয়া দলগুলো যথাক্রমে-আবাহনী লিমিটেড,,শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স।
প্রথম ৫টি দলের সুপার লিগ আগেই নিশ্চিত হয়েছিল। ষষ্ঠ দল হিসেবে কারা ওঠে পরের রাউন্ডে সেটিই ছিল দেখার অপেক্ষা। লড়াইটা ছিল মূলত মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপের মধ্যে।
গতকাল বৃহস্পতিবার শেষ রাউন্ডে রূপগঞ্জ শাইনপুকরের কাছে হেরে যাওয়ায় রান রেটেও পিছিয়ে পড়ে। তাতে গাজীর সুপার লিগ অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ রাউন্ডে শুক্রবার সিটি ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আবাহনী লিগ পর্ব শেষ করেছে একমাত্র অপরাজিত দল হিসেবে। ১১ ম্যাচের সব কটিই জিতেছে। আরেকটি শিরোপা থেকে খুব বেশি দূরে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।







