অবশেষে মাঠে গড়াতে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। টুর্নামেন্ট সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে দলবদল। প্রথম দিনেই প্রাইম ব্যাংকে নাম লিখিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর আবারও এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে সন্তুষ্ট তিনি। আসর শুরুর কৃতিত্ব দিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে।
চলতি মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়েও স্বস্তির কথা জানিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’
গত কয়েক মাসে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল, সেটি কেটে গেছে তামিম ইকবালের কল্যানে। অ্যাডহক কমিটির সভাপতির প্রশংসায় মাহমুদউল্লাহ বলেছেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’







