পাকিস্তানের আসন্ন নির্বাচন নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির সাধারণ নির্বাচনে বিলম্ব হওয়ার কারণে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশ্লেষকরা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।
পাকিস্তানের সাধারণ নির্বাচন নভেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি মাসের শেষের দিকে হবে বলে বৃহস্পতিবার (২১ মেপ্টেম্বর) ঘোষণা করে নির্বাচন কমিশন ইসিপি। সাধারণ নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দেশটির রাজনৈতিক পর্যবেক্ষকরা।
পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করা সম্ভব নয়। তার জন্য নির্বাচনের তফসিল, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই, নির্বাচনী প্রচার ও পর্যবেক্ষণের সুশৃঙ্খল নিয়ম অনুসরণ প্রয়োজন। চলতি বছরের আগস্টের ৯ তারিখে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। এর ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা পর্যায়ক্রমে বিলম্বিত হতে থাকে।







