গত সপ্তাহে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) আজ মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করেছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, তোষাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য পিটিআই প্রধানের বিরুদ্ধে ইসিপির ফৌজদারি অভিযোগের শুনানির সময় ইসলামাবাদের একটি বিচারিক আদালত শনিবার ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয়। এর কিছুক্ষণ পর ইমরান খানকে লাহোরের জামান পার্কের বাসা থেকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করে।
আজ জারি করা একটি বিবৃতিতে ইসিপি জানায়, শনিবারের আদালতের আদেশের ফলে ইমরান খানকে নির্বাচন আইন ২০১৭ এর ধারা ২৩২ এর ৬৩(১)(এইচ) অনুচ্ছেদের অধীনে পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং এনএ-৪৫ কুর্রাম-১ নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হিসেবেও তাকে ডি-নোটিফাই করা হয়েছে।
দেশটির আইন অনুযায়ী, কোনো ব্যক্তি নির্বাচিত বা নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য হবেন যদি তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের বা বেশি সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়।
বর্তমানে ইমরান খান পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের অ্যাটক কারাগারের বন্দী রয়েছেন।








