অপরাধ

তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, উত্তরার বারে সিসিটিভির সেই তরুণী গ্রেপ্তার

তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, উত্তরার বারে সিসিটিভির সেই তরুণী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির হত্যা মামলায় ‘দিশা’ নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার আগে উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে তাহসিফ ও তার বন্ধু দীপের সঙ্গে এক তরুণীকে দেখা গেছে।

এদিকে, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়ায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দিশাকে গ্রেপ্তার করা হয়। একই দিন দিবাগত মধ্যরাত থেকে চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফ সাউরির সঙ্গে ছিলেন তাঁর বন্ধু দীপ। সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, তাঁরা উত্তরার একটি রেস্টুরেন্টে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করার পর টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। তবে সেখান থেকে তাহসিফ আর ফেরেননি, একাই ফিরে আসেন দীপ।

পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। এ ছাড়া রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে এক তরুণীকেও দেখা গেছে। ওই তরুণীকে শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করে তাহসিফের নিখোঁজ হওয়ার আগের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পিবিআই। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যা মামলা হলেও লিখিত অভিযোগে তাহসিফের বাবা সরাসরি কাউকে অভিযুক্ত করেননি। তিনি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে নিখোঁজ হন। পরদিন বুধবার বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, দীপ প্রায়ই তাদের বাসায় আসতেন। তবে ঘটনার পর দীপের দেওয়া তথ্যে বড় ধরনের বৈপরীত্য পাওয়া গেছে।

এনায়েতুল করিম বলেন, ‘পিবিআইয়ের কাছে দীপ স্বীকার করেছে তারা টঙ্গী গিয়েছিল। অথচ সে আমাকে বলেছিল তাহসিফকে সে আমাদের বাসার চত্বরে নামিয়ে দিয়ে গেছে। এতেই বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে। আমি জানি না আসলে কী ঘটেছে বা এর পেছনে কারা জড়িত।’

তিনি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশের দাবি জানান।

বিষয়:গ্রেপ্তার দিশা নৌপুলিশ বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…