অপরাধ

তাহসিফ হত্যা মামলা: সিসিটিভিতে দেখা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলা: সিসিটিভিতে দেখা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী এক তরুণীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। নিখোঁজ হওয়ার দিন সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা গেছে।

রোববার (১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফ সাউরির সঙ্গে ওই তরুণীকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এরপর তারা আরও কয়েকটি জায়গায় যান এবং তাদের মধ্যে মুঠোফোনে কথাও হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে ছিলেন তাহসিফ। সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, প্রথমে তারা উত্তরার একটি রেস্তোরাঁয় প্রায় দেড় ঘণ্টা সময় কাটান। পরে যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়। সেখান থেকে তাহসিফ আর ফিরে আসেননি। একাই ফিরে আসেন দীপ।

পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের দেওয়া বক্তব্যে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে এক তরুণীকেও দেখা যায়। ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহসিফ নিখোঁজ হওয়ার আগের ঘটনাপ্রবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা।

পুলিশ জানায়, ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ হিসেবে পরিচিত দীপের বক্তব্যের সত্যতা যাচাই করতেই ওই তরুণীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে কাফরুল এলাকা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত শুক্রবার রাতে উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।

বিষয়:চার দিন রিমান্ড বাংলাদেশ বিমানবাহিনী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…