হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৩

ছবি: সংগৃহীত
সারা দেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে মারা গেছেন।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।
হাম শনাক্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৬৪ জন, চট্টগ্রামে ২৬৪ জন, সিলেটে ১২৬ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ৮৯ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ৫১ জন এবং রাজশাহীতে ৪১ জন।
গত একদিনে নতুন করে ৬৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে। ১৫ মার্চ থেকে অদ্যাবধি নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন হামরোগী এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ জন।





