জনপদ

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টা ও মুখ থেঁতলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টা ও মুখ থেঁতলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ এবং ইট দিয়ে মুখ থেঁতলে হত্যার চেষ্টার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত মো. বিপ্লবকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যে রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের কলেজপাড়া পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলার পূর্বআদালতপাড়া (চৌধুরী বাজার) এলাকার আব্দুল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বিপ্লব। এ সময় শিশুটি বাধা দিলে বখাটে বিপ্লব ইট দিয়ে তার মুখ থেঁতলে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে এক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনার পর থেকেই পুলিশ ও অন্যান্য বাহিনী বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে পুলিশের এক সোর্স আসামিকে শনাক্ত করে আটকের চেষ্টা করেন। এ সময় বিপ্লব হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে ধরে রাখা হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শিশুটিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সদর থানায় আনা হয়েছে। পুলিশের তৎপরতায় মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:গ্রেপ্তার টাঙ্গাইল শিশু ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…