বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দিনিজ

Soccer Football – Fernando Diniz unveil as new Brazil coach – CBF Headquarters, Rio de Janeiro, Brazil – July 5, 2023 Brazil coach Fernando Diniz during press conference REUTERS/Ricardo Moraes
আদালদের রায়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানের পদে পুনর্বহাল হয়েছেন এডনালদো রদ্রিগুয়েস। তবে রদ্রিগুয়েসের সভাপতি পদে ফেরার পরপরই ছাঁটাই হলেন ভারপ্রাপ্ত কোচ ফের্নান্দো দিনিজ। টানা ব্যর্থতায় চুক্তি শেষ হওয়ার আগে পদ হারালেন ৪৯ বর্ষী এ কোচ।
সিবিএফ শুক্রবার এক বিবৃতিতে জানায়, ‘ব্রাজিলের স্থায়ী কোচ নির্বাচনের প্রক্রিয়াটি এগিয়ে নিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ফের্নান্দো দিনিজের কাজের জন্য, তার নিবেদন আর আন্তরিকতার জন্য এবং সর্বোপরি ব্রাজিল জাতীয় দলকে পুনরিজ্জীবিত চ্যালেঞ্জ গ্রহণের জন্য সিবিএফ তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমরা ফের্নান্দো দিনিজের জন্য শুভকামনা জানাই।’
২০২৩ সালের ৫ জুলাই দায়িত্ব পেয়েছিলেন দিনিজ, চুক্তি ছিল ১ বছরের জন্য। তবে সেটাও পূরণ করা হয়নি। এর আগে দিনিজকে সেলেসাওদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।
ওই সময় সিবিএফ চেয়েছিল, ২০২৪ সালের জুনে রিয়াল মাদ্রিদের চুক্তি শেষে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নিয়োগ দেবে, তবে রদ্রিগুয়েসকে আদালত সরিয়ে দেয়ার পরই মূলত দৃশ্যপট পাল্টে যায়।
স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর চুক্তি নবায়ন করেন আনচেলত্তি। ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ফলে এবার সেলেসাওদের নতুন কোচ নিয়োগের জন্য আবারো ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে ভাবতে হচ্ছে।
দিনিজের অধীনে খেলা বিশ্বকাপ বাছাইপর্বের ছয় ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে দুই ম্যাচে এবং ড্র করেছে একটিতে। তার সবচেয়ে বড় ব্যর্থতা ধরা হচ্ছে, মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের হার। ঘটনাবহুল সেই ম্যাচে হারের পর সমর্থকদের ক্ষোভের মুখেও তাকে পড়তে হয়।






