বিএনপি নেতার বাড়িতে হামলার পর কার্যালয়সহ ৬ প্রতিষ্ঠানে আগুন

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি নেতাদের বসতবাড়ি, দলীয় কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। আগুনে পুড়ে গেছে বিএনপির দলীয় কার্যালয়সহ বিএনপি নেতার ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।
রবিবার ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় এই হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর দাবি হামলায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী মালিখালী ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় এ হামলা চালায়।
নাজিরপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হরেকৃষ্ণ মন্ডল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে এ হামলা ও ভাংচুর চালায়। এ সময় তারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বসতবাড়িতে ভাংচুর এবং বাড়ির সামনে অবস্থিত দলীয় কার্যালয়ে আগুন দেয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তঘেষা নাজিরপুরের অংশে টুঙ্গিপাড়া থেকে কিছু লোকজন এসে হামলা, ভাংচুর ওঅগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।






