বিনোদন

ভাতিজা দ্বীপকে হারিয়ে ভালো নেই বিপ্লব

ভাতিজা দ্বীপকে হারিয়ে ভালো নেই বিপ্লব

হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে মারা যাওয়া ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তার চাচা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিপ্লব শীল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দ্বীপের সমাধি সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

বিপ্লব শীলের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে পরিবারের একজন সদস্য জানান, ভাতিজা দ্বীপকে হারিয়ে বিপ্লবের শারীরিক অবস্থা ভালো নেই। অসুস্থ থাকায় তিনি নিজে পোস্ট দিতে পারছেন না। তাই পরিবারের পক্ষ থেকে দ্বীপের মৃত্যুর খবর ও শেষকৃত্যের তথ্য জানানো হয়েছে।

পোস্টে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমার আদরের ভাতিজা দ্বীপ আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তার সমাধি গতকাল ১৩/১০/২০২৬, রোজ মঙ্গলবার রাত ৯টায় সম্পন্ন করা হয়েছে।’

এতে দ্বীপকে ভালোবাসা ও তার জন্য দোয়া-আশীর্বাদ করা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিশুটির আত্মার শান্তি কামনায় প্রার্থনা করার অনুরোধ জানানো হয়।

পোস্টের শেষে লেখা হয়, ‘বিপ্লব দার অবস্থা ভালো নেই, উনি অসুস্থ তাই আমি পরিবারের একজন হয়ে জানিয়ে দিলাম। ওঁ শান্তি।’

মাত্র ৩ বছর ৩ মাস বয়সী দ্বীপ শীল ছিল বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের একমাত্র সন্তান। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দ্বীপের চাচা বিপ্লব শীল পেশায় একজন শিক্ষক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস ধরে চাচার সঙ্গে নিয়মিত ভিডিওতে অংশ নিত দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি ও জনপ্রিয়তা পায় শিশুটি।

বিষয়:কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ বিপ্লব ভিডিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…