‘২ কোটি টাকার নিচে নেব না’, ভিডিও ভাইরালের পর পিডিবির প্রকৌশলী বরখাস্ত

আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তরাদেশে তার সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। দপ্তরাদেশে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১(১) বিধির অধীনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ওই বিধি অনুসারে তাকে পিডিবির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল এবং আর্থিক লেনদেন নিয়ে কথোপকথন করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি ২ কোটি টাকার নিচে নেব না।’ ভিডিওর ফুটেজ অনুযায়ী, ঠিকাদারদের বিল পরিশোধ এবং মালামাল সরবরাহ নিয়েও কথোপকথন হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পিডিবির নজরে আসে। এরপরই নুরুল আমিনকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়।





