স্বাস্থ্য

৬০ বছর বয়সের পর হাড় মজবুত রাখবে যেসব ব্যায়াম

৬০ বছর বয়সের পর হাড় মজবুত রাখবে যেসব ব্যায়াম

ছবি: সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমতে থাকে। ফলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। তবে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে ব্যায়াম করলে ষাটোর্ধ্ব বয়সেও হাড়ের ক্ষয় ধীর করা সম্ভব। সম্প্রতি এক গবেষণায় বয়স্কদের হাড়ের সুস্থতা বজায় রাখতে বেশ কয়েক ধরনের কার্যকর ব্যায়ামের সন্ধান পেয়েছেন গবেষকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএমসি জেরিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত গবেষণায় ৬০ বছর ও তার বেশি বয়সী ৫ হাজার ২৫১ জনকে নিয়ে পরিচালিত ৮১টি গবেষণার ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। এতে নয় ধরনের ব্যায়ামের কার্যকারিতা পর্যালোচনা করেছেন গবেষকরা।

পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম
ডাম্বেল, রেজিস্ট্যান্স ব্যান্ড কিংবা নিজের শরীরের ওজন ব্যবহার করে ব্যায়াম করলে হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে। বিশেষ করে নিতম্বের সংযোগস্থলের হাড় মজবুত রাখতে এ ধরনের ব্যায়াম উপকারী। তবে হালকা ব্যায়াম দিয়ে শুরু করে ধীরে ধীরে এর মাত্রা বাড়ানো উচিত।

হাড়ের ওপর চাপ পড়ে এমন ব্যায়াম
লাফানো কিংবা শরীরের ওজনের চাপ পড়ে এমন ব্যায়াম কোমরের মেরুদণ্ড ও উরুর হাড়ের ঘনত্ব বাড়াতে সহায়ক হতে পারে। তবে হাড় ক্ষয়, অস্থিসন্ধির সমস্যা বা ভারসাম্যজনিত জটিলতা থাকলে কম চাপযুক্ত ব্যায়াম বেছে নেওয়া উচিত।

সমন্বিত শরীরচর্চা
পেশির শক্তি বাড়ানোর ব্যায়ামের সঙ্গে হাড়ের ওপর উপযুক্ত চাপ সৃষ্টি করে এমন ব্যায়ামের সমন্বয় মেরুদণ্ডের হাড়ের ঘনত্ব বাড়াতে সহায়ক। তবে ব্যক্তির বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় ব্যায়ামের ধরন নির্ধারণ করতে হবে।

তাই চি ও চিগং
চীনের ঐতিহ্যবাহী শরীরচর্চা তাই চি ও চিগং মেরুদণ্ড এবং উরুর হাড়ের ঘনত্ব বাড়াতে ভূমিকা রাখতে পারে। ধীর ও নিয়ন্ত্রিত অঙ্গভঙ্গিনির্ভর এসব ব্যায়াম শরীরের ভারসাম্য উন্নত করতেও সহায়ক। তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

দ্রুত হাঁটা ও অ্যারোবিক ব্যায়াম
নিয়মিত দ্রুত হাঁটা, হালকা দৌড়সহ বিভিন্ন ধরনের অ্যারোবিক ব্যায়াম হাড়ের সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। গবেষণায় বিশেষ করে নিতম্বের সংযোগস্থলের হাড়ের জন্য এসব ব্যায়ামের উপকারিতা উঠে এসেছে।

ভারসাম্য রক্ষার ব্যায়াম
বয়স্কদের হাড় ভেঙে যাওয়ার অন্যতম কারণ পড়ে যাওয়া। তাই হাড় মজবুত রাখার পাশাপাশি শরীরের ভারসাম্য উন্নত করার ব্যায়ামও গুরুত্বপূর্ণ। তাই চিসহ বিভিন্ন শরীরচর্চা এ ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে পর্যালোচিত গবেষণায় পড়ে যাওয়ার ঝুঁকি কতটা কমে, তা নিশ্চিত হওয়া যায়নি।

গবেষকদের মতে, ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য কোনো একটি ব্যায়ামই সর্বোত্তম নয়। বরং পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম, নিয়মিত হাঁটা ও ভারসাম্য রক্ষার শরীরচর্চার সমন্বয় বেশি উপকারী হতে পারে।

তবে এই গবেষণায় মূলত হাড়ের খনিজ ঘনত্বের পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে। ব্যায়ামের ফলে সরাসরি হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কতটা কমে, তা নিশ্চিত করা হয়নি। তাই হাড় ক্ষয়, আগে হাড় ভাঙার ইতিহাস কিংবা গুরুতর স্বাস্থ্যগত সমস্যা থাকলে চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে ব্যায়াম শুরু করা উচিত।

বিষয়:অস্টিওপোরোসিস বিএমসি জেরিয়াট্রিকস সাময়িকী ব্যায়াম হাড় মজবুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…