থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার

সংগৃহীত।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে সোমবার (৩০ নভেম্বর) ১৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে নির্ধারিত এলাকা জাপানি কনসোর্টিয়ামের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট এবং ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজ খরচে তৃতীয় টার্মিনাল, গাড়ি পার্কিং ভবন ও নতুন কার্গো টার্মিনাল পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করবে। তবে বিমান চলাচল, নিরাপত্তা ও রানওয়ের নিয়ন্ত্রণ বেবিচকের হাতেই থাকবে।
প্রাথমিকভাবে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বেবিচক। টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হলে তা বেড়ে ২৭ শতাংশ হবে। এ ছাড়া বহির্গামী আন্তর্জাতিক যাত্রীদের এম্বার্কেশন ফি নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ ডলার।
বেবিচক জানায়, যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। এসব শর্ত পূরণে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রতিটি ক্ষেত্রে ৫ হাজার থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে।
২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। পাশাপাশি নতুন কার্গো টার্মিনালে বছরে ৮ লাখ ২০ হাজার টনের বেশি পণ্য হ্যান্ডলিং করা সম্ভব হবে, যা বর্তমান সক্ষমতার চার গুণ।





