বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। প্রবীণ এই নাট্যজনের শারীরিক অবস্থা জটিল বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাঁকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাঁকে ধানমণ্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে ভর্তি করার পরই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও অবস্থার অবনতি হলে রবিবার তাঁকে পুনরায় লাইফ সাপোর্টে নিতে হয়।
সোমবার দুপুরে মেয়ে শর্মিষ্ঠা রহমান বাবার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, “আব্বার অবস্থা খুব একটা ভালো না। পরিস্থিতি জটিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে। সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন।”
আতাউর রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ নেমে এসেছে। নাট্যকর্মী, শিল্পী ও ভক্ত-অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।








