আন্তর্জাতিক

রাজকীয় আড়াল ভেঙে ক্যানসারের অভিজ্ঞতা জানালেন প্রিন্সেস কেট

রাজকীয় আড়াল ভেঙে ক্যানসারের অভিজ্ঞতা জানালেন প্রিন্সেস কেট

ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর শারীরিক ও মানসিক পরিবর্তন, চিকিৎসাকালীন ভয়, উদ্বেগ এবং সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ রাজবধূ ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন। ‘হিল’ (Heal) নামের একটি প্রামাণ্যচিত্রে নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) বিবিসি ওয়ানে ৩০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি সম্প্রচারিত হবে।

রাজপরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচলিত গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ক্যাথরিন এই প্রামাণ্যচিত্রে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা অকপটে তুলে ধরেছেন। এতে উঠে এসেছে অসুস্থতার সময় তার মানসিক অবস্থা, পরিবারের সহযোগিতা এবং জীবন সম্পর্কে পরিবর্তিত দৃষ্টিভঙ্গি।

ক্যাথরিন বলেন, ক্যানসার একজন মানুষকে বদলে দেয়। শুধু শারীরিক পরিবর্তন নয়, এর গভীর মানসিক প্রভাবও রয়েছে। নিজের দুর্বলতা ও মৃত্যুর বাস্তবতার মুখোমুখি হলে মানুষ উপলব্ধি করতে পারে, জীবন অসীম নয়।

রাজকীয় আড়াল ভেঙে ক্যানসারের অভিজ্ঞতা জানালেন প্রিন্সেস কেট
ছবি: সংগৃহীত

প্রামাণ্যচিত্রটিতে ক্যাথরিনের ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’-এর যাত্রাও তুলে ধরা হয়েছে। এই অভিযানে তিনি এক দিনে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের সর্বোচ্চ তিনটি পর্বতশৃঙ্গে আরোহণ করেন। চিকিৎসাকালীন প্রতিকূলতা, মানসিক দৃঢ়তা এবং অন্যদের সহযোগিতার প্রতীক হিসেবে এই পর্বতারোহণকে উপস্থাপন করা হয়েছে।

একটি পর্বতশৃঙ্গে পৌঁছানোর পর ক্যাথরিন তার তিন সন্তান জর্জ, লুই ও শার্লটের কাছ থেকে ভালোবাসাপূর্ণ ভয়েস মেসেজ পান। প্রামাণ্যচিত্রে প্রিন্স উইলিয়ামসহ পরিবারের সদস্যদের আবেগঘন মুহূর্তও উঠে এসেছে। তবে এতে ক্যাথরিনের ক্যানসারের ধরন কিংবা চিকিৎসাপদ্ধতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রাজপরিবারবিষয়ক বিশ্লেষক অধ্যাপক পলিন ম্যাকলারান মনে করেন, ক্যাথরিনের অভিজ্ঞতা প্রকাশের এমন অকপটতা ব্রিটিশ রাজপরিবারের ক্ষেত্রে ব্যতিক্রমী। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তার আরও গভীর সংযোগ তৈরি হবে।

প্রামাণ্যচিত্রে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ক্যানসার রোগীদের সঙ্গে কথা বলতে এবং তাদের আশা-আশঙ্কার কথা শুনতেও দেখা গেছে ক্যাথরিনকে।

একটি বিশেষ প্রদর্শনীতে ক্যাথরিন জানান, একই ধরনের স্বাস্থ্যসংকটের মধ্য দিয়ে যাওয়া মানুষদের পাশে দাঁড়ানো এবং রোগী ও তাদের পরিবারকে সহায়তাকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোর অবদানের স্বীকৃতি দেওয়াই এই প্রামাণ্যচিত্রের উদ্দেশ্য।

প্রামাণ্যচিত্র থেকে অর্জিত অর্থ দেওয়া হবে রয়্যাল মার্সডেন ক্যানসার চ্যারিটিকে। এই সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালেই চিকিৎসা নিয়েছিলেন ক্যাথরিন।

ক্যানসার রিসার্চ ইউকের প্রধান নির্বাহী মিশেল মিচেল বলেন, ভয়, আশা ও সুস্থ হয়ে ওঠার দীর্ঘ পথ নিয়ে ক্যাথরিনের খোলামেলা বক্তব্য ক্যানসার আক্রান্ত অনেক মানুষের একাকিত্বের অনুভূতি কমাতে সহায়তা করবে।

ক্যাথরিনের মতে, সুস্থতা মানে শুধু অসুস্থতা কাটিয়ে ওঠা নয়, বরং জীবনযাপনে ভারসাম্য খুঁজে পাওয়া। জীবনের কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেবে এই প্রামাণ্যচিত্র—এমনটাই প্রত্যাশা তার।

বিষয়:ক্যানসার প্রামাণ্যচিত্র ব্রিটিশ রাজবধূ ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…