শিক্ষা

তরুণদের সামাজিক উদ্যোগ নিয়ে ‘কার্নিভাল অফ চেঞ্জ ২০২৬’

তরুণদের সামাজিক উদ্যোগ নিয়ে ‘কার্নিভাল অফ চেঞ্জ ২০২৬’

তরুণ নেতৃত্ব, স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্ভাবন ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে দুই দিনব্যাপী ‘কার্নিভাল অফ চেঞ্জ ২০২৬: একতায় গড়ি আগামী’ আয়োজন করেছে ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম। সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৭০ জন তরুণ চেঞ্জমেকারের পাশাপাশি উন্নয়নকর্মী, চিন্তাবিদ, পেশাজীবী ও বিভিন্ন খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

তরুণদের নেতৃত্বে পরিচালিত সামাজিক উদ্যোগের স্বীকৃতি, নতুন ধারণা ও অভিজ্ঞতা বিনিময় এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের সম্ভাবনা অনুসন্ধান করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজনের প্রথম দিন শুরু হয় তরুণদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রদর্শনীর মধ্য দিয়ে। এতে বিভিন্ন জেলার তরুণেরা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে যৌথভাবে তৈরি করা পণ্য ও সেবা তুলে ধরেন। এবারের আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের নেতৃত্বাধীন ৩০টি সামাজিক প্রকল্প প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে।

পরে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহের উপস্থিতিতে তিনটি সম্ভাবনাময় তরুণ সামাজিক উদ্যোগকে ‘আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।

ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের ‘আমরা নতুন নেটওয়ার্ক’ উদ্যোগের মাধ্যমে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের মূল্যবোধভিত্তিক নেতৃত্ব, সহমর্মিতা, সমস্যা সমাধান ও একবিংশ শতাব্দীর প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হয়।

২০১৮ সালে যাত্রা শুরু করা এই নেটওয়ার্ক বর্তমানে দেশের ২৫টি জেলায় বিস্তৃত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন ২ হাজার ৯৩২ জনেরও বেশি তরুণ। নেটওয়ার্কের সাবেক সদস্যরা সামাজিক ও পরিবেশগত বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ৪৭৫টিরও বেশি প্রকল্প পরিচালনা করেছেন।

আয়োজকদের লক্ষ্য, বিভিন্ন প্রজন্মের মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তরুণদের শুধু আগামীর নেতৃত্ব নয়, বর্তমান সমাজের সক্রিয় পরিবর্তনকর্মী হিসেবে গড়ে তোলা। এ আয়োজনের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী ধারণাকে দীর্ঘমেয়াদি উদ্যোগে রূপ দিতে এবং টেকসই সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে উৎসাহিত করতে চায় ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম।

বিষয়:আসিফ সালেহ কার্নিভাল অফ চেঞ্জ ২০২৬ তরুণ নেতৃত্ব ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…