কক্সবাজার

উৎসবের রঙে রঙিন কক্সবাজারের ঝাউবীথি, শুরু তিন মাসের কার্নিভাল

উৎসবের রঙে রঙিন কক্সবাজারের ঝাউবীথি, শুরু তিন মাসের কার্নিভাল

ছবি: সংগৃহীত

সমুদ্রের ঢেউয়ের গর্জনের সঙ্গে মিশেছে গান, শিশুদের উচ্ছ্বাস আর উৎসবের আমেজ। ঝাউবনের ছায়ায় দোলনা ও রোমাঞ্চকর রাইডে মেতে উঠেছে শিশুরা। বালু দিয়ে তৈরি হাতি, বাঘ, তিমি ও ডলফিনের ভাস্কর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। সব মিলিয়ে নতুন সাজে উৎসবমুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবীথি।

দেশের পর্যটনশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং পর্যটকদের বাড়তি বিনোদনের সুযোগ দিতে প্রথমবারের মতো কক্সবাজারে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘পর্যটন কার্নিভাল’।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।। প্রথম দিনেই কার্নিভাল ঘিরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।

উৎসবের রঙে রঙিন কক্সবাজারের ঝাউবীথি, শুরু তিন মাসের কার্নিভাল

সমুদ্রসৈকতের কবিতা চত্বর থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত ঝাউবনের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে সাজানো হয়েছে এ আয়োজন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত কার্নিভাল চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছে ১৬টি বিশেষ জোনে। শিশুদের জন্য রয়েছে দোলনা ও বিভিন্ন রাইড। পাশাপাশি রয়েছে ক্যাম্পিং, উন্মুক্ত পাঠাগার, টেলিস্কোপ, গেমিং, গো-কার্ট, খেলাধুলা, খাবার ও সাংস্কৃতিক আয়োজন।

কার্নিভালের অন্যতম আকর্ষণ বালুর ভাস্কর্য। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডার শিল্পীরা তৈরি করেছেন হাতি, রয়েল বেঙ্গল টাইগার, তিমি, হাঙর, ডলফিন, কচ্ছপ ও ইলিশের ভাস্কর্য। রয়েছে জাতীয় সংসদ ভবন, জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারের প্রতিকৃতিও। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় মানুষের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে কয়েকটি শিল্পকর্মে।

দর্শনার্থী ইসরাত জাহান বলেন, কক্সবাজারের বালু দিয়ে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা সম্ভব, তা এখানে না এলে জানা হতো না। বালুর ভাস্কর্যের পাশাপাশি বই পড়া, গান ও বিনোদনের আয়োজনও তাকে মুগ্ধ করেছে।

উৎসবের রঙে রঙিন কক্সবাজারের ঝাউবীথি, শুরু তিন মাসের কার্নিভাল

বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক গনি উল আজম বলেন, পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের সুযোগ দিতে ১৬টি জোনে কার্নিভাল সাজানো হয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটানোর সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর বাপ্পি বলেন, কক্সবাজার ভ্রমণ যেন শুধু সমুদ্র দর্শনে সীমাবদ্ধ না থাকে, সে লক্ষ্যেই এ আয়োজন। পরিবারের সব বয়সী মানুষের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না বলেন, এ আয়োজন কক্সবাজারের পর্যটনশিল্পে নতুন অধ্যায়ের সূচনা করেছে। সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বাড়তি বিনোদন পর্যটকদের আকর্ষণ বাড়াবে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের আয়োজন কক্সবাজারে পর্যটকদের অবস্থানের সময় বাড়ানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে এর সুফল ধরে রাখতে পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিন মাসের এ কার্নিভাল ঘিরে আয়োজকদের প্রত্যাশা, সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে বিনোদনের নতুন সংযোজন কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।

বিষয়:উৎসব কক্সবাজারের ঝাউবীথি পর্যটন কার্নিভাল পর্যটনশিল্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…