সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ইরফান খান আসামির সাতদিনের রিমান্ড আবেদন করেন। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্র এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। পরে শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় টিটনকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এজাহারে বলা হয়েছে, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বাদীর অভিযোগ।
এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদীয় হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্তে রোববার (২২ নভেম্বর) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করে পুলিশ।





