গ্রামীণ ব্যাংকে হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি ড.মুহাম্মদ ইউনূসের

ছবি : সংগৃহীত।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি এসব হামলার পেছনে ওপর মহলের নির্দেশনা রয়েছে বলেও মনে করেন তিনি।
সোমবার ২৩ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব মন্তব্য করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিবৃতিতে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তার ধারণা, ওপর মহল থেকে নির্দেশনা পেয়েই এসব ঘটনা ঘটানো হচ্ছে।
ড. ইউনূস বলেন, চট্টগ্রামে তার নিজের বাড়িতে হামলা হয়েছে। ওই বাড়িতে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন। বাড়িটি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়।
ড. ইউনূস আরও বলেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
বিবৃতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে সবাইকে ভূমিকা রাখতে হবে।






